বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকার বাজেটে আশাকর্মীদের জন্য একাধিক সুবিধার ঘোষণা করলেও তাতে সন্তুষ্ট নন তাঁরা। ভাতা বাড়ানোর ঘোষণা হলেও বেতনের দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনের পথে নেমেছেন রাজ্যের আশাকর্মীরা (ASHA Workers Protest)। তাই শুক্রবার ১১ দফা দাবিতে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
১১ দফা দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ আশা কর্মীদের (ASHA Workers Protest)
এদিন সকালে স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যভবন চত্বরে জমায়েত করেন আন্দোলনকারীরা। কিন্তু স্বাস্থ্যভবনের কিছুটা আগেই পুলিশ ব্যারিকেড করে তাঁদের আটকে দেয়। এরপরই আশাকর্মী ও পুলিশকর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশাকর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ (ASHA Workers Protest) দেখাতে শুরু করেন।
সম্প্রতি রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য একাধিক সুবিধার ঘোষণা করেছে সরকার। মাসিক ভাতা ১০০০ টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি ১৮০ দিন করা এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণাও করা হয়েছে। কিন্তু এই ঘোষণায় একেবারেই সন্তুষ্ট নন আশাকর্মীরা। তাঁদের দাবি, তাঁরা ভাতা নয়, নির্দিষ্ট বেতন চান।
আন্দোলনকারীদের বক্তব্য, “আমরা ১০০০ টাকার জন্য আন্দোলন করিনি। আমরা বেতন চেয়েছি। ভাতা বাড়ানোর দরকার নেই। ওই হাজার টাকা আমরা ফেরত দিচ্ছি। লোকে বাড়িতে বসে ৫০০ টাকা বাড়তি পাবে, আর আমরা পরিশ্রম করেও বেতন পাব না, এটা মানা যায় না।”

আরও পড়ুনঃ RG Kar দুর্নীতি মামলায় বড় মোড়! আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
এই আন্দোলনের অন্যতম নেত্রী ইসমাতারা খাতুন বলেন, “আমাদের দাবির প্রতি সুবিচার করা হয়নি। গতকালই আমরা আজকের কর্মসূচির কথা জানিয়েছিলাম। তা সত্ত্বেও কেন লৌহকপাট তৈরি করা হল? আমরা তো মারপিট করতে আসিনি, শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছি।” আশাকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে আগামী ৩১ মার্চের মধ্যে যে বার্ষিক কাজের খতিয়ান জমা দিতে হয়, তা তাঁরা জমা দেবেন না। ফলে এই আন্দোলন (ASHA Workers Protest) আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












