বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের একাধিক সরকারি স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) সরবরাহের দায়িত্ব ISKCON-এর ‘অন্নমৃতা ফাউন্ডেশন’-কে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সোমবার সেই সিদ্ধান্ত বদলে যায়। আপাতত আগের নিয়মেই স্কুলে খাবার দেওয়ার কথা জানানো হয়েছে। এই সিদ্ধান্তের পর নানা প্রশ্নের মধ্যেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ISKCON।
Mid Day Meal : আপাতত কলকাতাতেই চলছে অন্নমৃতার রান্নাঘর
ISKCON জানিয়েছে, কলকাতায় অন্নমৃতা ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিল (Mid Day Meal) পরিষেবা চালু থাকবে। শুধু কলকাতা নয়, আগামী দিনে রাজ্যের অন্য জেলাতেও এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে মিলেই এই কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংগঠন।
এর আগে উত্তর ২৪ পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট-নিউ টাউন, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকে অন্নমৃতা ফাউন্ডেশনের খাবার দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। পরে সোমবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আপাতত পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার কথা জানানো হয়। এই পরিস্থিতিতে কেন সিদ্ধান্ত বদল হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তার পরেই ISKCON-এর তরফে এই বিবৃতি দেওয়া হল।
উল্লেখ্য, গত ১ আগস্ট কলকাতায় অন্নমৃতা ফাউন্ডেশনের প্রথম কেন্দ্রীয় মিড ডে মিল (Mid Day Meal) রান্নাঘর চালু হয়েছিল। বর্তমানে কলকাতা পুরসভা এলাকার সরকারি স্কুলগুলিতে ওই রান্নাঘর থেকেই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের দাবি, খাবারের মান, পুষ্টিগুণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাদ নিয়ে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে ভাল সাড়া পাওয়া গিয়েছে।
অন্নমৃতা জানিয়েছে, ২০০৪ সাল থেকে দেশের সরকারি স্কুলগুলিতে পুষ্টিকর খাবার সরবরাহ করছে তারা। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্যে প্রতিদিন ১২ লক্ষেরও বেশি স্কুলে খাবার দেওয়া হয় বলে ফাউন্ডেশনের দাবি।
ISKCON-এর শাখা ও খাবার বিতরণ নিয়েও তথ্য
বিবৃতিতে ISKCON-এর কাজের পরিধির কথাও জানানো হয়েছে। সংগঠনের দাবি, ভারতে তাদের ৪৫০টির বেশি শাখা রয়েছে। পশ্চিমবঙ্গে রয়েছে ৩৫টি শাখা এবং প্রায় ৮ হাজার কনগ্রিগেশন সেন্টার। বিশ্বজুড়ে ISKCON-এর কেন্দ্রের সংখ্যা ১,৫০০-র বেশি। সংগঠনের দাবি, তাদের খাদ্য বিতরণ কর্মসূচির মাধ্যমে ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রায় ৪০ লক্ষ খাবার পরিবেশন করা হয়।

আরও পড়ুনঃ পুজোর সরকারি টাকায় এবার কড়া নজর, অনুদান পেতে জমা দিতে হবে এই নথিগুলি
বিবৃতিতে ISKCON Bangalore Society-কে ঘিরে চলা দীর্ঘদিনের আইনি বিরোধের কথাও বলা হয়েছে। অন্নমৃতা ফাউন্ডেশনের বক্তব্য, বেঙ্গালুরু-ভিত্তিক ওই সংগঠন বা তাদের ট্রাস্টিদের সঙ্গে মূল ও আন্তর্জাতিক ISKCON-এর প্রশাসনিক কাঠামোকে একই হিসেবে দেখা ঠিক নয় (Mid Day Meal)।













