বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় KMC বিল্ডিং অনুমোদন নিয়ে তৈরি হয়েছে বড়সড় জট। বিগত প্রায় ৬ মাস ধরে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি (Municipal Building Committee) এর বৈঠক না হওয়ায় ৩০০ এরও বেশি নির্মাণ প্রকল্প আটকে রয়েছে। এর মধ্যে রয়েছে আবাসন, বাণিজ্যিক প্রকল্প থেকে শুরু করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং ৫০০ বর্গমিটার জমির উপর তৈরি হতে চলা একাধিক নির্মাণ।
কেন আটকে KMC-র বিল্ডিং অনুমোদন?
পুরসভার নিয়ম অনুযায়ী, গুরুত্বপূর্ণ নির্মাণ প্রস্তাবের চূড়ান্ত অনুমোদনের আগে MBC-র ছাড়পত্র প্রয়োজন। কিন্তু ২০২৬ এর ফেব্রুয়ারির পর থেকে এখনও অবধি কোনো কমিটির বৈঠক হয়নি। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে জমা পড়া প্রস্তাবগুলিও জমছে পরে রয়েছে। এর প্রভাব পড়ছে প্রকল্পের সময়সীমা, বিনিয়োগ থেকে শুরু করে নির্মাণকাজের উপর।
বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। প্রয়োজন অনুযায়ী প্রায় প্রতি পনেরো দিন অন্তর একটি করে বৈঠক করত MBC। পুরসভা সূত্রে জানা যায়, মাসে গড়ে ৫০-৬০টি প্রকল্পের ছাড়পত্র দেওয়া হত। কিন্তু বর্তমানে সেই প্রক্রিয়াই কার্যত থমকে রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ও বড় নির্মাণগুলি ভীষণভাবে এফেক্টেড হচ্ছে।
আরও পড়ুনঃ অলিম্পিক জিতলে ১কোটি! অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর
প্রশাসনিক জটেই থমকে কলকাতার রিয়েল এস্টেট!
সাধারণত মিউনিসিপাল বিল্ডিং কমিটিতে KMC, KMDA, দমকল, পুলিশ এবং স্থপতিদের প্রতিনিধিরা থাকেন। সকলে মিলে আলোচনা ও পর্যবেক্ষণের পরেই নির্মাণ কাজের জন্য ছাড়পত্র মেলে। কিন্তু বর্তমানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কোনো নির্বাচিত বোর্ড নেই আর মেয়রের পদও নেই। বিধানসভা নির্বাচনের পর তৈরি হওয়া প্রশাসনিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরসভার একাংশের মধ্যেই দ্বিধা তৈরি হয়েছে বলে সূত্রের দাবি।
এদিকে, নির্মাণাধীন বহুতলগুলির অডিট শেষ হওয়ার দিকে। তাই দ্রুত MBC বৈঠক শুরু করে আটকে থাকা প্রকল্পগুলির অনুমোদন দেওয়ার দাবি উঠছে। যদি তেমনটা না হয় তাহলে কলকাতার রিয়েল এস্টেট খাতে প্রকল্পের খরচ ও সময় দু’টোই আরও বাড়তে পারে।













