বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের আগামী কয়েক বছরের আর্থিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশের উপর। নতুন বেতন কাঠামো কার্যকর হলে মাসিক আয় থেকে শুরু করে অবসরকালীন পেনশন—সব ক্ষেত্রেই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে কতটা বাড়বে বেতন, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যেই কর্মচারীদের বিভিন্ন সংগঠন নিজেদের দাবি সামনে এনেছে। কোনও সংগঠন ৩.৬১, কেউ ৩.৮৩৩, আবার কোনও সংগঠন সর্বোচ্চ ৪.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টরের পক্ষে সওয়াল করেছে। এই প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে বর্তমান ন্যূনতম বেতনের অঙ্কে বড়সড় পরিবর্তন হতে পারে।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) আলাদা আলাদা ফিটমেন্ট ফ্যাক্টর ধরে বেতনের হিসেব
নতুন বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই গুণকের সাহায্যেই পুরনো মূল বেতনের ভিত্তিতে সংশোধিত বেতন হিসাব করা হয়। সপ্তম বেতন কমিশনে এই গুণকের মান ছিল ২.৫৭। এবার অষ্টম বেতন কমিশনের কাছে বিভিন্ন সংগঠন তার চেয়ে বেশি গুণক কার্যকর করার দাবি জানিয়েছে। বর্তমান মূল বেতনের সঙ্গে নির্ধারিত ফিটমেন্ট ফ্যাক্টর গুণ করলেই সংশোধিত মূল বেতনের অঙ্ক পাওয়া যায়। সংশোধিত মূল বেতন = বর্তমান মূল বেতন × ফিটমেন্ট ফ্যাক্টর। অর্থাৎ, কমিশন শেষ পর্যন্ত যে গুণক গ্রহণ করবে, তার উপরেই নতুন মূল বেতনের পরিমাণ নির্ভর করবে।

ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM), ভারত পেনশনার্স সমাজ (BPS) এবং ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO) সম্মিলিতভাবে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই দাবি মেনে নেওয়া হলে বর্তমানে ১৮,০০০ টাকা মূল বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীর সংশোধিত বেতন দাঁড়াতে পারে প্রায় ৬৯ হাজার টাকা। ১৮,০০০ × ৩.৮৩৩ = ৬৮,৯৯৪ টাকা।অর্থাৎ, পূর্ণ সংখ্যায় ধরলে নতুন মূল বেতন হবে প্রায় ৬৯,০০০ টাকা।
আরও পড়ুন :ভারতে এই প্রথম! 8K রেজোলিউশনে মহাকাশ দেখার সুযোগ, ‘কসমস-মাইসুরু’ প্ল্যানেটোরিয়ামের উদ্বোধন মোদীর
অন্যদিকে, মিনিস্টেরিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন (MSA) তুলনামূলক কম, ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব রেখেছে। এই গুণক কার্যকর হলে ১৮,০০০ টাকার মূল বেতন বেড়ে প্রায় ৬৪,৯৮০ টাকা হতে পারে। অর্থাৎ, নতুন বেতন দাঁড়াবে আনুমানিক ৬৫ হাজার টাকা।এক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েজ টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (IRTSA)-এর দাবি কিছুটা আলাদা। তাদের বক্তব্য, সমস্ত পদমর্যাদার কর্মীদের জন্য একই ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করলে কাজের দায়িত্ব ও দক্ষতার পার্থক্য যথাযথভাবে প্রতিফলিত হবে না। তাই একটিমাত্র গুণকের পরিবর্তে বিভিন্ন বেতন স্তরের জন্য পৃথক ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহারের সুপারিশ করেছে সংগঠনটি। তাদের প্রস্তাব অনুযায়ী, লেভেল ১-এর কর্মীদের ক্ষেত্রে ২.৯২ গুণক রাখা যেতে পারে। অন্যদিকে, লেভেল ১৭ ও ১৮-এর উচ্চপদস্থ কর্মীদের জন্য এই গুণক ৪.৩৮ পর্যন্ত করার দাবি জানানো হয়েছে।
এই প্রস্তাবের পিছনে সংগঠনটির যুক্তি হল, দায়িত্ব, কাজের ধরন এবং পদমর্যাদার ভিত্তিতে বেতন সংশোধনের ক্ষেত্রেও পার্থক্য থাকা প্রয়োজন। তাই একটি নির্দিষ্ট হারে সকলের বেতন বাড়ানোর পরিবর্তে স্তরভিত্তিক ব্যবস্থা চালু করার পক্ষে তারা। ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে একাধিক দাবি সামনে এলেও কেন্দ্রীয় সরকার এখনও কোনও প্রস্তাবকে চূড়ান্ত অনুমোদন দেয়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ২০২৭ সালের মে-জুন মাসের মধ্যে রিপোর্ট জমা পড়তে পারে। অষ্টম বেতন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। বিভিন্ন সংগঠনের দাবি নতুন বেতন কাঠামো নিয়ে প্রত্যাশা বাড়ালেও বাস্তবে কত টাকা বেতন বাড়বে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। কমিশনের চূড়ান্ত রিপোর্ট এবং কেন্দ্রের অনুমোদনই এই জল্পনার অবসান ঘটাবে।












