বাংলা হান্ট ডেস্কঃ একই দিনে শহরের দুই বড় সরকারি হাসপাতালে দু’টি অস্বাভাবিক মৃত্যু। মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কলকাতায়। একদিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে এক সাফাইকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, অন্যদিকে আরজি কর হাসপাতালের লিফটে আটকে এক রোগীর আত্মীয়ের মৃত্যু হয়েছে। এই দুই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে (Kolkata Hospital)।
কী ঘটেছে এসএসকেএম হাসপাতালে (Kolkata Hospital)?
শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতালের মেন ব্লকের উল্টোদিকে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের ওপিডি-র চারতলার ৮ নম্বর ঘর থেকে উদ্ধার হয় ২২ বছরের ইমরান সর্দারের ঝুলন্ত দেহ। তিনি ওই হাসপাতালেরই অস্থায়ী সাফাইকর্মী ছিলেন এবং চুক্তির ভিত্তিতে গ্যাস্ট্রো বিভাগে কাজ করতেন।
হাসপাতাল (Kolkata Hospital) সূত্রে জানা গিয়েছে, যে ঘর থেকে দেহটি উদ্ধার হয় সেটি ভিতর থেকে বন্ধ ছিল। সকালবেলায় ওপিডি খোলা থাকাকালীন এক কর্মীর সন্দেহ হয় দরজা বন্ধ দেখে। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন ইমরান। খবর পেয়ে হাসপাতাল ফাঁড়ি থেকে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে, তবে অন্য কোনও দিকও খতিয়ে দেখছে পুলিশ।
আরজি করে কী ঘটেছে?
অন্যদিকে, একইদিন সকালে আরজি কর হাসপাতালে (Kolkata Hospital) ঘটে আরও এক মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি তাঁর চার বছরের ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলেন। ছেলের হাত ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারের কথা ছিল। এই সময় লিফটে ওঠার পর আচমকাই সেটি বিকল হয়ে যায় এবং বেসমেন্টে আটকে পড়ে। লিফটের ভিতরে তীব্র ঝাঁকুনির পর সেখানেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় অরূপবাবুর।

আরও পড়ুনঃ
একই দিনে শহরের দুই প্রথমসারির সরকারি হাসপাতালে (Kolkata Hospital) এই দুই মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। পুলিশ দুই ঘটনাতেই তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।












