বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনী আবহে শহর জুড়ে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে প্রশাসন। তারই মধ্যে কলকাতার(Kolkata) একাধিক এলাকায় টানা তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা সামনে এসেছে।
কলকাতায় (Kolkata) উদ্ধার নগদ অর্থ ও মাদক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোড়াসাঁকো এলাকা থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ময়দান এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেল। ইতিমধ্যেই, এই ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে একজন মহিলা ।
একইসঙ্গে রেশন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার তিনটি আলাদা জায়গা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলেও খবর।
ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। জানা যায়, এমডি রোড ও স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে নাকা চেকিং চলছিল। নাকা চেকিং চলাকালীন এক যুবককে আটক করে পুলিশের ফ্লাইং স্কোয়াড। নাম প্রেমকুমার দাস। তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় নগদ ৪ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা।
এত বিপুল পরিমাণ অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন উঠলে প্রেম দাবি করেন, এই টাকা তাঁর ব্যবসার। তবে সেই দাবির পক্ষে কোনও বৈধ নথি তিনি দেখাতে পারেননি, ফলে সন্দেহ আরও ঘনীভূত হয়। এছাড়াও, শহরে পৃথক অভিযানে আনুমানিক ১৩ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এমনকি ময়দান এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় গ্রেফতার হয়েছে জয়দেব পাইক, রাজু সর্দার ও উষা সর্দার ।
উল্লেখ্য, নির্বাচনী আবহে আরও কড়া প্রশাসন। গত বুধবার স্ট্যান্ড রোড এলাকাতে অভিযান চালায় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স টিম।
জানা গেছে, এদিন একটি কিশোরকে তল্লাশি করে পাঁচটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন : ফের ইতিহাস তৈরির জন্য প্রস্তুত! এবার যা করে দেখাল ISRO, জানলে চমকে যাবেন
১৫ মার্চ নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার পর থেকেই আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে আন্তঃরাজ্য সীমানা এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংও আরও বাড়ানো হয়েছে। প্রশাসনের কড়া অবস্থানে শহরে নিরাপত্তা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।













