BLO-দের নিরাপত্তা নেই, সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার দাবি কমিশনের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া বা এসআইআর শুনানি নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ও অশান্তির অভিযোগ তুলে পঞ্চায়েত ভবনে শুনানি চালানো সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানাল জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনের করা মামলায় পাল্টা হলফনামা জমা দিয়ে কমিশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে গ্রামস্তরে কাজ করার মতো নিরাপদ পরিবেশ নেই।

কমিশনের বক্তব্য, রাজ্যের একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। ইটাহার, ফরাক্কা, চাকুলিয়া সহ বিভিন্ন জায়গায় হিংসার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে হলফনামায়। কমিশনের দাবি, মাইক্রো অবজার্ভার, বিএলও এবং অন্যান্য আধিকারিকরা নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে ভীত। শুনানি চলাকালীন ফরাক্কা ও চাকুলিয়ার মতো এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। এমনকি বিডিও অফিস পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে বলে উল্লেখ করেছে কমিশন।

পঞ্চায়েত ভবনেই SIR শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)

গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, এসআইআর শুনানি পঞ্চায়েত ভবনেই করতে হবে। তৃণমূলের আবেদনের ভিত্তিতেই সেই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক হিংসার ঘটনার কথা তুলে ধরে সেই নির্দেশ পরিবর্তনের আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন।

Law and Order Fears Over SIR Process Reported to Supreme Court

আরও পড়ুনঃ DA বকেয়া কারা পাবেন? কোন সময়ের টাকা দেওয়া হবে, সম্পূর্ণ ব্যাখ্যা জানাল সুপ্রিম কোর্ট

শনিবার ছিল এসআইআর শুনানির শেষ দিন। কিন্তু বর্তমান পরিস্থিতি ও বাংলার ভোটারদের স্বার্থের কথা মাথায় রেখে সময়সীমা বাড়ানোর প্রয়োজন বলে মনে করছে কমিশন। এই কারণেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে বাড়তি সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, এসআইআর শুনানির দিন আরও কয়েকদিন বাড়ানো হতে পারে।