বাংলা হান্ট ডেস্ক : আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) হাতে পেয়েছেন এদিকে পরিবারের সদস্যের নাম বাদ পড়ে গেছে। আর চিন্তার কিছু নেই। বাড়িতে বসেই মোবাইল কিংবা ল্যাপটপের সাহায্যে পরিবারের সদস্যকে আয়ুষ্মান ভারত প্রকল্পের তালিকায় যুক্ত করার আবেদন করুন। ওয়েবসাইটের পাশাপাশি আয়ুষ্মান অ্যাপ থেকেও সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ রয়েছে।
কিভাবে আয়ুষ্মান কার্ডে (Ayushman Bharat Card) পরিবারের সদস্যকে যুক্ত করবেন?
আয়ুষ্মান কার্ডের বছরে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। তবে সেই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম সুবিধাভোগীর তালিকায় থাকা প্রয়োজন।
তাই প্রথমে পরিবারের কার্ডের তালিকাটি দেখে নিন। কারও নাম বাদ পড়লে অনলাইনেই সংযোজনের আবেদন করা যাবে।
যাঁর নাম নতুন করে যুক্ত করা হবে, তাঁর আধার কার্ড অবশ্যই প্রয়োজন। পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক প্রমাণ করার জন্য রেশন কার্ড, ভোটার আইডি, জন্ম শংসাপত্র বা বিবাহের শংসাপত্রের মতো নথি ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবিও রাখতে হবে। অনলাইন যাচাইয়ের জন্য সক্রিয় মোবাইল নম্বর থাকা জরুরি। কারণ আবেদন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করা হবে।
প্রথমে আয়ুষ্মান ভারত প্রকল্পের সরকারি ওয়েবসাইটে ঢুকে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ ইন সম্পূর্ণ হলে পরিবারের সদস্যদের তথ্য দেখা যাবে।
এরপর পরিবারের তালিকায় গিয়ে ‘Add Member’ অপশনটি বেছে নিতে হবে। যে ব্যক্তিকে যুক্ত করতে চাইছেন, তাঁর নাম এবং প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সেখানে দিতে হবে। আধার-সহ পরিচয়পত্র, পরিবারের সঙ্গে সম্পর্কের প্রমাণ এবং প্রয়োজনীয় ছবি নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পরে একটি রেফারেন্স আইডি পাওয়া যাবে। সেটি লিখে বা সংরক্ষণ করে রাখুন। পরবর্তীতে আবেদনের অগ্রগতি জানতে ওই নম্বর কাজে লাগবে।
ওয়েবসাইটের পরিবর্তে মোবাইল অ্যাপ ব্যবহার করেও পরিবারের সদস্যের নাম যুক্ত করা যায়। প্রথমে প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর উপরে উল্লিখিত প্রায় একই রকম ধাপ অনুসরণ করে সহজেই পরিবারের সদস্যের নাম যুক্ত করতে পারবেন আয়ুষ্মান কার্ডের।

আরও পড়ুন : লাগছে ৩টি নথি! আবাস যোজনায় কীভাবে আবেদন করবেন? কতদিন সময় আছে জানুন
উল্লেখ্য, পরিবারের প্রত্যেক সদস্যের নাম কার্ডের তালিকায় রয়েছে কি না, একবার যাচাই করে নেওয়া ভালো। তবে অনলাইনে তথ্য দেওয়ার সময় নাম, জন্মতারিখ, সম্পর্ক এবং আধারের তথ্য অত্যন্ত সতর্কভাবে পূরণ করা জরুরি, ভুল তথ্য থাকলে পরবর্তী যাচাইয়ের সময় সমস্যা তৈরি হতে পারে।













