বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোর আগে কমে গেল বিদেশি মদের দাম (Liquor Price)। উৎসবের মরশুমে প্রিমিয়াম মদের চাহিদা যখন বাড়ে, ঠিক তখনই আমদানি করা একাধিক স্কচের দাম কমেছে বাংলার বাজারে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে কার্যকর হওয়া মুক্ত বাণিজ্য চুক্তির প্রভাবেই এই দাম কমেছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্যেও ইতিমধ্যে নতুন দামে বিক্রি শুরু হয়েছে জনপ্রিয় বিদেশি ব্র্যান্ডের হুইস্কি।
পুজোর আগে দাম কমল বিদেশি মদের (Liquor Price)
বিদেশি মদের দামের পরিবর্তনের পিছনে রয়েছে আমদানি শুল্কে বড়সড় ছাড়। ১৫ জুলাই থেকে কার্যকর হওয়া FTA-র আওতায় ব্রিটিশ হুইস্কির উপর আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। ভবিষ্যতে এই হার আরও কমানোর পরিকল্পনা রয়েছে। চুক্তির রূপরেখা অনুযায়ী, আগামী এক দশকে শুল্ক ৪০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
শুল্ক কমার পর তার প্রভাব সরাসরি খুচরো বাজারে পৌঁছতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, রাজস্থান, গোয়া এবং উত্তরপ্রদেশে বেশ কিছু ব্র্যান্ডের সংশোধিত মূল্য ইতিমধ্যেই কার্যকর হয়েছে। বাংলায় দাম কমার সবচেয়ে স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে BIO বা Bottled-in-Origin ক্যাটেগরিতে। স্কটল্যান্ডে বোতলজাত হয়ে সরাসরি ভারতে আসা এই ধরনের স্কচের দাম গড়ে ৭ থেকে ১০ শতাংশ কমেছে বলে মদ ব্যবসায়ী সংগঠনের তথ্য।
উদাহরণ হিসেবে জনি ওয়াকার ব্ল্যাক লেবেলের কথাই ধরা যাক। ৭৫০ মিলিলিটারের বোতলটির আগের দাম ছিল প্রায় ৪,২৫০ টাকা। বর্তমানে তা প্রায় ৩,৮০০ টাকায় নেমেছে। একই ভাবে শিভাস রিগ্যাল ১২ বছরের দাম ৩,২৭০ টাকা থেকে কমে প্রায় ৩,০০০ টাকা হয়েছে। ১৫ বছরের ব্যালেন্টাইনের দাম ৩,১০০ টাকা থেকে নেমে হয়েছে ২,৭৯০ টাকা। সাধারণ ব্যালেন্টাইনের ক্ষেত্রে ২,০৪০ টাকার বোতল এখন প্রায় ১,৮৮০ টাকা। গ্লেন্ডরিচের দাম প্রায় ৪,২৫০ টাকা থেকে কমে ৩,৯১০ টাকায় দাঁড়িয়েছে। আর J&B-এর ২,৩০০ টাকার বোতল এখন প্রায় ১,৭০০ টাকায় পাওয়া যাচ্ছে।
তবে আমদানি শুল্ক অর্ধেক হয়ে গেলেও ক্রেতার হাতে বোতলের দাম একই অনুপাতে কমেনি। রাজ্যের মদ বিক্রেতাদের সংগঠনের এক আধিকারিকের কথায়, ‘কেন্দ্র ও রাজ্য সরকার এর মাঝে আবগারি শুল্ক বাড়িয়ে দেওয়ায় শুল্ক কমার পুরো সুবিধা সাধারণ ক্রেতারা পাননি। অতিরিক্ত কর না বাড়লে হয়তো দাম ৪০-৫০ শতাংশ পর্যন্ত কমতে পারত।’

আরও পড়ুন : বদলে যাচ্ছে West Bengal-এর নাম! বিধানসভায় আসছে বিল, কী হবে নতুন নাম?
উৎসবের মরশুমকে সামনে রেখে এই দাম কমার গুরুত্বও যথেষ্ট। পশ্চিমবঙ্গে মদের সামগ্রিক বাজারের আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৩৮,০০০ কোটি টাকা। তার মধ্যে BIO স্কচের অংশ প্রায় ১,৫০০ কোটি টাকা। পুজোর সময় বার, রেস্তরাঁ এবং খুচরো দোকানে প্রিমিয়াম মদের বিক্রি সাধারণ সময়ের তুলনায় বাড়ে। তাই কম দাম এবার সেই বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি করে কি না, তা নিয়েও নজর রয়েছে ব্যবসায়ীদের।













