বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি সরবরাহেও। ইরানকে ঘিরে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে সংঘাত বাড়তেই অপরিশোধিত তেল এবং রান্নার গ্যাস আমদানিতে চাপ তৈরি হয়েছে। এর জেরে দেশে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) জোগান নিয়ে আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে সরবরাহ ঠিক রাখতে নতুন নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।
২১ দিন না হলে মিলবে না দ্বিতীয় বুকিং (LPG Cylinder)
কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, একটি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) বুকিংয়ের পর দ্বিতীয় সিলিন্ডার বুক করতে হলে অন্তত ২১ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ একটি সিলিন্ডার ব্যবহার করার পর পরবর্তী বুকিং করতে গ্রাহকদের এই সময়সীমা মেনে চলতেই হবে। ইন্ডিয়ান অয়েল এবং এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশনের পশ্চিমবঙ্গের মুখপাত্র বিজন বিশ্বাস জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফেই এই নির্দেশ জারি করা হয়েছে। তাঁর কথায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে শুধু অপরিশোধিত তেলই নয়, গ্যাস বোঝাই জাহাজও আটকে পড়েছে। ফলে পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্যাসের জাহাজ আটকে, স্টক সীমিত
বিজন বিশ্বাস আরও জানান, বর্তমানে ইন্ডিয়ান অয়েলের কাছে প্রায় দশ দিনের গ্যাসের মজুত রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সতর্কতা হিসেবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই হিন্দুস্তান পেট্রোলিয়ামের বাণিজ্যিক গ্যাস বিক্রির উপর কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে আটকে জাহাজ
গত সাত দিন ধরে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাতে মধ্যপ্রাচ্য উত্তপ্ত। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় তেলের জাহাজ। ফলে জ্বালানি আমদানির স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে। তবে পেট্রল ও ডিজেলের ক্ষেত্রে আপাতত স্বস্তির খবর রয়েছে। আমেরিকার তরফে রাশিয়া থেকে ৩০ দিনের জন্য তেল কেনার কথা জানানো হয়েছে। এতে পেট্রল ও ডিজেলের সরবরাহে বড় সমস্যা হওয়ার সম্ভাবনা আপাতত কম।

আরও পড়ুনঃ ‘খোঁজার সময় নেই…’ ভোটার তালিকায় ঝুলে থাকা ৬০ লক্ষ ভোটার নিয়ে বড় বার্তা সিইও-র
তবে রান্নার গ্যাসের (LPG Cylinder) ক্ষেত্রে পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত যদি আরও বড় আকার নেয়, তাহলে ভারতে গ্যাস সরবরাহ কীভাবে বজায় রাখা হবে তা নিয়েও জল্পনা বাড়ছে। এই অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই আপাতত গ্যাসের জোগান ধরে রাখতে দুটি এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) বুকিংয়ের মাঝে অন্তত ২১ দিনের ব্যবধান রাখার নির্দেশই কার্যকর করা হয়েছে।












