বাংলাহান্ট ডেস্ক: ডিজিটাল পেমেন্টের যুগে কোটি কোটি ভারতীয় প্রতিদিন PhonePe ব্যবহার করেন। কেউ ইউপিআইয়ের মাধ্যমে বিল মেটান, কেউ আবার অনলাইনে কেনাকাটা বা টাকা পাঠানোর কাজে এই অ্যাপের উপর নির্ভরশীল। তবে এবার PhonePe ব্যবহারকারীদের একাংশের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের ঘোষণা করেছে সংস্থা। নতুন নিয়ম অনুযায়ী, দীর্ঘদিন ধরে PhonePe Wallet ব্যবহার না করলে গ্রাহকদের ‘ইনঅ্যাকটিভিটি মেইনটেন্যান্স ফি’ বা নিষ্ক্রিয়তা রক্ষণাবেক্ষণ চার্জ দিতে হতে পারে। এই সিদ্ধান্ত সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা এবং সমালোচনা।
PhonePe ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা, নিষ্ক্রিয় ওয়ালেটে লাগবে মেইনটেন্যান্স ফি
সংস্থার নতুন নীতি অনুযায়ী, কোনও ব্যবহারকারী যদি টানা ৩৬৫ দিন PhonePe Wallet থেকে কোনও আর্থিক লেনদেন না করেন, তাহলে সেই ওয়ালেটকে ‘নিষ্ক্রিয়’ হিসেবে বিবেচনা করা হবে। এমন ক্ষেত্রে ১০০ টাকা পর্যন্ত রক্ষণাবেক্ষণ ফি ধার্য করা হতে পারে। তবে এই নিয়ম সব PhonePe ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র সেই সব গ্রাহকেরাই এই চার্জের আওতায় আসবেন, যাঁদের ওয়ালেটে এক বছরেরও বেশি সময় ধরে কোনও ধরনের লেনদেন হয়নি। অর্থাৎ, নিয়মিত UPI ব্যবহার করলেও যদি Wallet ব্যবহার না করা হয়, তাহলে সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হিসেবে গণ্য হতে পারে।
আরও পড়ুন: চিনকে সঙ্গী করে বঙ্গোপসাগরে প্রভাব বাড়াতে চাইছে পাকিস্তান! সাবমেরিনের মাধ্যমে নজরদারির পরিকল্পনা
এই ঘোষণার পর অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, কারণ বর্তমানে অধিকাংশ গ্রাহকই PhonePe Wallet-এর বদলে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে UPI পেমেন্ট করে থাকেন। প্রযুক্তি বিশ্লেষক ও টিপস্টার অভিষেক যাদবও সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরে বলেছেন, বহু ব্যবহারকারী PhonePe অ্যাপ ব্যবহার করলেও Wallet পরিষেবা ব্যবহার করেন না। ফলে তাঁদের অনেকেই নতুন নিয়ম সম্পর্কে অবগত নাও থাকতে পারেন। PhonePe-র বক্তব্য অনুযায়ী, শুধুমাত্র অ্যাপ খোলা, ব্যালেন্স দেখা বা UPI-এর মাধ্যমে পেমেন্ট করাকে Wallet-এর কার্যকলাপ হিসেবে ধরা হবে না। Wallet সক্রিয় রাখতে হলে অন্তত একটি Wallet-ভিত্তিক আর্থিক লেনদেন করতে হবে।
সংস্থা জানিয়েছে, কোনও চার্জ কেটে নেওয়ার আগে ব্যবহারকারীদের ১৫ দিনের নোটিশ পাঠানো হবে। এই সময়ের মধ্যে গ্রাহক চাইলে Wallet ব্যবহার করে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করতে পারবেন। যদি Wallet-এ পর্যাপ্ত টাকা থাকে, তাহলে সেখান থেকেই ১০০ টাকা পর্যন্ত চার্জ কেটে নেওয়া হবে। আর যদি ব্যালেন্স ১০০ টাকার কম হয়, তাহলে উপলব্ধ অর্থই কেটে নেওয়া হবে এবং Wallet-এর ব্যালেন্স শূন্য হয়ে যাবে। তবে কোনও অবস্থাতেই Wallet-এ ঋণাত্মক বা নেগেটিভ ব্যালেন্স তৈরি হবে না বলে জানিয়েছে সংস্থা।

আরও পড়ুন: ধরা পড়বে না রাডারে! নিমেষের মধ্যে করবে আঘাত, ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘মিনি ব্রহ্মস’
যদিও এই ধরনের ফি আরোপের ঘটনা ডিজিটাল পেমেন্ট শিল্পে একেবারে নতুন নয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালেই Mobikwik নিষ্ক্রিয় Wallet-এর উপর একই ধরনের চার্জ চালু করেছিল। PhonePe-র এই সিদ্ধান্তও সেই ধারারই অংশ বলে মনে করা হচ্ছে। তবে ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, যাঁরা মূলত UPI পরিষেবা ব্যবহার করেন, তাঁদের উপর এই নিয়ম অযথা চাপ তৈরি করতে পারে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অব্যবহৃত ওয়ালেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ সামলাতেই সংস্থাগুলি এই ধরনের নীতি গ্রহণ করে থাকে। ফলে আগামী দিনে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আরও বাড়বে নাকি অন্যান্য সংস্থাও একই পথে হাঁটবে, সেদিকেই এখন নজর রয়েছে ডিজিটাল পেমেন্ট জগতের।













