বাংলা হান্ট ডেস্ক: চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে (Karmabhoomi Express) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার দুপুরে ব্যাপক আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। অমৃতসর (Amritsar) থেকে জলপাইগুড়িগামী এই ট্রেনের ইঞ্জিন-সহ মোট পাঁচটি কামরায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও নিশ্চিত খবর সামনে আসেনি।
জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে (Karmabhoomi Express) ভয়াবহ আগুন:
রেল সূত্রে খবর, ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেস (Karmabhoomi Express) শুক্রবার নির্ধারিত সময়েই অমৃতসর থেকে জলপাইগুড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। দুপুর ১২টা ৫৮ মিনিট নাগাদ ফতেহপুর সাহিবের সাধুগড় স্টেশন ছাড়ার পরেই ট্রেনটিতে আগুন লাগার বিষয়টি নজরে আসে। প্রথমে ইঞ্জিনের অংশে আগুন দেখা গেলেও দ্রুত তা ছড়িয়ে পড়ে ট্রেনের চারটি জেনারেল কামরায়। পরিস্থিতি বুঝে মাঝপথেই ট্রেন থামিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: সপ্তম পে কমিশনের সুবিধা পাবেন শিক্ষক-শিক্ষাকর্মীরাও, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
এরপরই ট্রেনের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা নিজেদের প্রাণ বাঁচাতে তড়িঘড়ি কামরা থেকে নেমে আসেন। হুড়োহুড়ির মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। ততক্ষণে আগুনের শিখা আরও ভয়াবহ আকার ধারণ করে। দাউদাউ করে জ্বলতে থাকা কামরাগুলি থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কীভাবে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক দল এবং রেলের আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য শুরু হয় তৎপরতা। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকেই এই বিপত্তি ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার বিস্তারিত তদন্তের পরেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: দীপাবলির উপহারই ডেকে আনছে বিপদ! পর্যবেক্ষণ দেশের প্রধান বিচারপতির
রেলওয়ে মণ্ডলের জনসংযোগ আধিকারিক নীরজ জানিয়েছেন, অমৃতসর থেকে পশ্চিমবঙ্গগামী কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই রেলের মেডিক্যাল টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রেলের ডিআরএম বিনোদ কুমার ভাটিয়াও সেখানে পৌঁছেছেন। রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে (Karmabhoomi Express)।












