বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা চরমে। SIR ইস্যু ঘিরে চাপানউতোরের মধ্যেই এবিপি আনন্দের এক বিশেষ কথোপকথনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটের ফলাফল থেকে শুরু করে নির্বাচন কমিশনের ভূমিকা, একাধিক বিষয়ে সরাসরি মন্তব্য করলেন তিনি।
সুমনের সাথে মুখোমুখি মমতা (Mamata Banerjee)
সম্প্রতি এবিপি আনন্দের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র সঙ্গে কথোপকথনে স্মৃতির পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সেই আলোচনায় উঠে এল বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট, নানা চরিত্র এবং আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়েও তাঁর বক্তব্য।
ভোটের ফল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?
এদিন সুমন প্রশ্ন করেন, ভোটের ফলাফল কী হতে পারে? জবাবে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, মানুষের উপর তাঁর পূর্ণ বিশ্বাস ও ভরসা আছে। “মা-মাটি-মানুষের ভরসা। শীত, গ্রীষ্ম, বর্ষা—তৃণমূল কংগ্রেসই ভরসা,” বলেন তিনি। এছাড়া আসন বাড়বে না কমবে এই প্রশ্নের উত্তরে তাঁর সাফ জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন “বাড়বে।”
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন অভিযোগ করে বলেন, SIR-এর নামে মানুষের উপর অত্যাচার করা হয়েছে। ধর্মে ধর্মে আগুন লাগানো হয়েছে। আদিবাসী, তপশিলী, মতুয়া, রাজবংশী, কামতাপুরী, সকলের উপর অত্যাচারের কথা উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, “এর উত্তর তো ব্যালটেই হবে।”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, নির্বাচন এলেই কেন্দ্র তাঁর প্রশাসনের সঙ্গে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করে। শুধু এখন নয়, ছ’মাস আগে থেকেই তা শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কেন রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে অন্য রাজ্যের দায়িত্ব নিতে বলছে? কেন বিধাননগর পুলিশ কমিশনারকে অন্যত্র পাঠাতে বলা হচ্ছে? একাধিক অফিসারকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আমার সরকারটা চলবে কী করে?” তিনি আরও বলেন, একাধিক অফিসার SIR নিয়ে ব্যস্ত। নির্বাচনের আগে রাষ্ট্রপতি শাসনের নাম করে তথাকথিত রাষ্ট্রপতি শাসন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
‘সুপার পাওয়ার’ দেখাচ্ছে কমিশন?
সুমনের এই প্রশ্নের উত্তরে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, “ইয়েস। সুপার পাওয়ার দেখাচ্ছে।” এরপর সরাসরি মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে। মুখ্য সচিবকে ফোন করা হচ্ছে। জেলাশাসকদের বলা হচ্ছে যা বলা হবে তাই শুনতে হবে। নাম করে তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে বলেন, একটাই মোটিভ ভ্যানিশ কুমারের, সেটা হল – “Anyhow People will not elect the government, He will elect the government before the Election।”

আরও পড়ুনঃ দোলের পরই রথযাত্রা, ভোটের আগে বাংলায় নতুন কৌশল বিজেপির
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন আরও দাবি করেন, এই ঘটনা বিহার, হরিয়ানা ও মহারাষ্ট্রে হয়েছে। তাঁর কথায়, ওই তিন রাজ্যে কংগ্রেস জোট হারেনি, “হারানো হয়েছে।” প্রশ্ন ওঠে, কংগ্রেস তো এত জোর দিয়ে বলছে না। জবাবে মমতা বলেন, “ওঁরা কী বলল না বলল আমি জানি না। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছি বলে ধরেছি।”












