বাংলা হান্ট ডেস্কঃ জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। এই বিক্ষোভে যোগ দিয়ে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বদল করেছেন তিনি। সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্টে যাওয়ার কর্মসূচি রয়েছে মমতার। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও থাকতে পারেন।
সোমবার প্রধান বিচারপতির হাতে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা মমতার (Mamata Banerjee)
সূত্রের খবর, শনিবার রাত ৯টার বিমানে কলকাতায় ফেরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তিনি সেই ফ্লাইট বাতিল করেছেন। রাহুল গান্ধীকে ফোন করেছেন বলেও খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সোমবার মমতা (Mamata Banerjee) ও রাহুল গান্ধী সুপ্রিম কোর্ট অভিযানে যোগ দিতে পারেন। সেখানে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আটক করে পুলিশ। বেআইনিভাবে জমায়েত করার অভিযোগে তাঁকে আটক করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যদেরও দ্বারকা সেক্টর ২৩ থানায় নিয়ে যাওয়া হয়। প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় মমতা ও দোলা সেনদের ‘উই শ্যাল ওভারকাম’ গান গাইতে শোনা যায়। সূত্রের খবর, থানায় থাকার সময় জলও পান করেননি মমতা।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের নেতা-নেত্রীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলেন। সেই সময় তাঁদের আটক করা হয়। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কেন সাধারণ মানুষের মতো রাস্তায় রাস্তায় ঘোরানো হল।

আরও পড়ুনঃ নদিয়ার মহিলাদের জন্য ২৬০ কোটি টাকার ঋণ, বড় উদ্যোগ প্রশাসনের
জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে বিরোধীদের আন্দোলন চলছে। এর আগে ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই কর্মসূচিতেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।













