বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আইনমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) নাকি আপাতত তাঁর দপ্তরের কাজ দেখতে বারণ করা হয়েছে এমনই আলোচনা চলছে প্রশাসনিক মহলে। যদিও সরকারিভাবে এ নিয়ে কোনও ঘোষণা হয়নি, তবু দল ও প্রশাসনের অন্দরে বিষয়টি নিয়ে চর্চা এখন বেশ জোরালো।
মলয় ঘটকের (Malay Ghatak) বিরুদ্ধে সম্প্রতি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ
তৃণমূলের বর্ষীয়ান নেতা মলয় ঘটকের (Malay Ghatak) বিরুদ্ধে সম্প্রতি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে বলে দলের অন্দরে আলোচনা চলছে। এর পাশাপাশি আগে কয়লা দুর্নীতি মামলাতেও তাঁর নাম জড়িয়েছিল। এর মধ্যেই শোনা যাচ্ছে, তাঁকে নাকি আপাতত আইন দপ্তরের কাজে হস্তক্ষেপ না করতে বলা হয়েছে।
প্রশাসনিক সূত্রের দাবি, কয়েকজন জুডিশিয়াল অফিসারের বদলি নিয়ে মলয় ঘটকের (Malay Ghatak) ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট ছিলেন। সেই কারণেই আইন দপ্তরের কাজে আপাতত তাঁকে দূরে থাকতে বলা হয়েছে বলে খবর। যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।
জানা গিয়েছে, বার কাউন্সিলের নির্বাচনকে ঘিরেই এই সমস্যার শুরু। সোমবার ও মঙ্গলবার ওই নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে কেন্দ্র করে মলয় ঘটকের (Malay Ghatak) কিছু পদক্ষেপে নাকি অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে কথা বলার জন্য তাঁকে ডেকেও পাঠানো হয়েছিল। সূত্রের খবর, সেই আলোচনাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে আপাতত আইন দপ্তরের দায়িত্ব তিনিই দেখবেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।
গত শুক্রবার ধর্মতলায় তৃণমূল নেত্রীর ধর্না মঞ্চে এসেছিলেন মলয় ঘটক (Malay Ghatak)। সেখানে মুখ্যমন্ত্রী তাঁর কাছে অসন্তোষের কথা জানিয়ে দেন বলেই জানা যাচ্ছে। এরপর থেকে ওই কর্মসূচিতে আর তাঁকে দেখা যায়নি। এর আগে শ্রম দফতরের মন্ত্রী থাকাকালীনও মলয় ঘটকের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়েও তাঁকে প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল।

আরও পড়ুনঃ ভোটার তালিকা থেকে নাম উধাও! ফের সুপ্রিম কোর্টে রাজ্য, কী বললেন মেনকা গুরুস্বামী?
মমতা সরকারের দ্বিতীয় ইনিংসে এক সময় মলয় ঘটক (Malay Ghatak) দপ্তরহীন মন্ত্রীও ছিলেন। দলের অন্দরে আবার আসানসোল সংগঠনের কাজ নিয়েও তাঁর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে বলে জানা যায়। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে এখন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।












