বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে হঠাৎ রাজ্যপাল বদল ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সদ্য রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন সি ভি আনন্দ বোস। কেন তিনি পদ ছাড়লেন, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই শনিবার রাষ্ট্রপতির সঙ্গে রাজ্য সরকারের সংঘাত প্রকাশ্যে আসে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে কি না, সেই প্রশ্নই তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রাষ্ট্রপতির মন্তব্যের জবাব দিলেন মমতা (Mamata Banerjee)
শনিবার সন্ধ্যায় কলকাতার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই তিনি রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। মমতা বলেন, “কী ব্যাপার? রাষ্ট্রপতি শাসন লাগু করার কোনও পরিকল্পনা চলছে নাকি? রাজ্যপাল বদল হল… কোনও গ্রুপিং হচ্ছে নাকি?”
নতুন রাজ্যপাল নিয়েও কটাক্ষ করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, “যে রাজ্যপাল তামিলনাড়ুতে নানা সমস্যা তৈরি করেছিলেন, তাঁকেই বাংলার দায়িত্ব দেওয়া হল!” এরপর আরও কড়া সুরে তিনি বলেন, “রাষ্ট্রপতি শাসন করবেন? ভালো তো। একটু বিশ্রাম পাব। তারপর আবার আন্দোলনে নামব। রাজভবন থেকে কী হবে? টাকা বিলি হবে? পার্টি অফিস হবে?”
রাজ্যপাল ইস্তফার পরই শুরু জল্পনা
সি ভি আনন্দ বোস রাজ্যপাল পদে ইস্তফা দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। খুব শিগগিরই বাংলার নতুন রাজ্যপাল শপথ নেবেন বলেও জানা গেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজ্যে কোনও সাংবিধানিক সঙ্কট তৈরি হচ্ছে কি না। বিশেষ করে এসআইআরের কাজ শেষ না হলে বাংলায় ভোট করানো সম্ভব হবে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এছাড়া প্রাক্তন দুঁদে গোয়েন্দা আর এন রবিকে বাংলার দায়িত্ব দেওয়ার পেছনে কী উদ্দেশ্য, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
রাষ্ট্রপতির মন্তব্যের জবাবে কী বললেন মমতা?
শনিবার রাজ্যের এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই মন্তব্যের জবাব দিতেই ধরনা মঞ্চ থেকে নিজের বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আদিবাসীদের উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। সেই কাজের কথাও তিনি তুলে ধরেন।

আরও পড়ুনঃ কোথাও বাড়ল, কোথাও কমল! যুদ্ধের আবহে পশ্চিমবঙ্গের কোন জেলায় পেট্রোল-ডিজেলের দাম কত হল, জানুন
সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে রাজ্যপাল ইস্তফা, রাষ্ট্রপতির মন্তব্য এবং মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পাল্টা প্রতিক্রিয়া, সব মিলিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।












