বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনী বাংলায় রাজনৈতিক আঙিনায় বিরাট বড় রদবদল। একাধিক সরকারি, কমিটি, দফতর, বোর্ড থেকে আচমকা সরে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের কাছে রাজ্যের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের তরফে নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
একাধিক সরকারি কমিটির পদ থেকে ইস্তফা দিলেন মমতা (Mamata Banerjee)
যেমনটা জান যাচ্ছে, স্বাস্থ্য থেকে শিল্প মোট ২৩ টি দফতরের কমিটি এবং বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি চিঠিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট পদগুলি থেকে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তফা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও যাতে দ্রুত নেওয়া হয় তার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

কী নির্দেশ এসেছে: জানা যাচ্ছে, শুধুমাত্র তালিকায় থাকা পদগুলিই নয়, এর বাইরে অন্যান্য সংস্থা বা প্রতিষ্ঠানে যদি তাঁর অন্য কোনও পদ থাকে সেখান থেকেও ইস্তফার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কথা বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ইস্তফা গ্রহণ সংক্রান্ত রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দফতরগুলিকে।
আরও পড়ুন : ট্রেনে আর করা যাবে না এই কাজ, ধরা পড়লেই হবে মোটা জরিমানা
কোন কোন ক্ষেত্রে ইস্তফা: সরকারি চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২৫ মার্চ বিকেল ৪ টে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যে সব দফতরকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। যেমনটা জানা যাচ্ছে, স্বাস্থ্য থেকে শিক্ষা, তথ্য ও সংস্কৃতি, বন, উপজাতি, বিপর্যয় মোকাবিলা, ভূমি ও ভূমি সংস্কার, শিল্প দফতরের মতো বিভিন্ন কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতদিন পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য মিশনের প্রধান সহ অনগ্রসর শ্রেণির কাউন্সিলের চেয়ারপার্সন ছিলেন তিনি। এছাড়াও পুরস্কার প্রধান কমিটির চেয়ারপার্সন এবং বাংলা সঙ্গীত মেলার প্রধান পৃষ্ঠপোষকও ছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : সাপ্লিমেন্টারি লিস্টেও নেই নাম, ভোটার তালিকা থেকেই বাদ! এবার কী করণীয়?
নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর এমন সিদ্ধান্ত বড়সড় ঝড় তুলেছে বঙ্গ রাজনীতিতে। হঠাৎ একসঙ্গে এতগুলি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন মুখ্যমন্ত্রী তা এখনও স্পষ্ট নয়। তবে নবান্ন সূত্রে খবর, প্রতিবারই ভোটের আগে এমনটা হয়ে থাকে। এটা সাধারণ প্রশাসনিক বিষয়। উল্লেখ্য, ২৬ এর বিধানসভা ভোটে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। আর নিয়মানুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার আগে কোনও লাভজনক পদে থাকা যায় না। তাই নিয়ম অনুযায়ী, ২৬ থেকে ২৮ টি লাভজনক পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই এই সংক্রান্ত চিঠিও এসে পৌঁছেছে কমিশনের কাছে।












