‘রাজ্য তার সবচেয়ে দুর্বল ও অসহায়…,’ বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা

Published on:

Published on:

Mamata Banerjee speaks out on bulldozer politics
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সাম্প্রতিক উচ্ছেদ অভিযান এবং বুলডোজার রাজনীতি নিয়ে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভাঙা- গোটা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ?

সোশ্যাল মিডিয়ায় করা এক দীর্ঘ পোস্টে বর্তমান সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য কখনওই ভয় দেখিয়ে বা জোরজবরদস্তি করে মানুষকে শাসনের পক্ষে নয়। অত্যন্ত কড়া ভাষায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”রাজনৈতিক অহংকারের চরম মূল্য চোকাতে হচ্ছে সাধারণ গরিব মানুষকে। ঘরবাড়ি থেকে শুরু করে হকারদের রুজি-রুটির দোকান – সর্বত্রই আজ ভাঙচুরের খেলা”।

তাঁর মতে, বাংলার সংস্কৃতি ও চেতনা কখনও এমন রাজনীতিকে সমর্থন করে না, যেখানে সাধারণ নাগরিকদের ভয় দেখিয়ে বা জোর প্রয়োগ করে দমন করার চেষ্টা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের বাংলায় এই ধরনের শাসনব্যবস্থা মানানসই নয় বলেও মন্তব্য করেন তিনি।

নিজের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন সমাজের সেই সব মানুষের কথা, যাঁরা প্রতিদিনের পরিশ্রমে সামান্য রোজগার করে সংসার চালান। দিনমজুর, পথের ধারের দোকানদার, হকার কিংবা নিম্নবিত্ত পরিবার— তাঁদের জীবনযুদ্ধের ওপরেই নেমে এসেছে সবচেয়ে বড় আঘাত বলে দাবি করেছেন তিনি। বহু মানুষ বছরের পর বছর কষ্ট করে যে মাথা গোঁজার ঠাঁই বা ছোট ব্যবসা দাঁড় করিয়েছেন, তা মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেত্রীর।

প্রসঙ্গত, হাওড়া স্টেশন চত্বরে সম্প্রতি হওয়া উচ্ছেদ অভিযান নিয়েও সরব হয়েছেন তিনি। পাশাপাশি তিলজলা ও পার্ক সার্কাসে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই ব্যাখ্যা করেছেন মমতা। সরাসরি নতুন সরকারকে আক্রমণ শানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে সরকার আগে ঘর ভেঙে দেয় আর পরে মানুষের কথা শোনে, তারা আসলে বাংলার মূল ভাবাবেগটাকেই ভুলে গেছে”।

Mamata Banerjee speaks out on bulldozer politics

আরও পড়ুন : ‘একেন বাবুর মাথায় চুল গজালেও, তৃণমূল আর ফিরবে না’, তৃণমূলকে নিশানা করে রসিকতা শমীকের

রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। উচ্ছেদ অভিযান ও সাধারণ মানুষের দুর্ভোগ ঘিরে আগামী দিনে শাসক-বিরোধী সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।