‘বিজেপি যা বলছে, কমিশন তাই করছে’, ভবানীপুরে বুথ ঘুরে বিস্ফোরক অভিযোগ মমতার

Published on:

Published on:

Mamata Banerjee's allegation 'Commissiom is doing what the BJP says'
Follow

বাংলা হান্ট ডেস্ক : দ্বিতীয় দফার ভোটগ্রহণ (West Bengal Assembly Election) ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বুথ পরিদর্শনে বেরিয়ে শাসক ও বিরোধী শিবির একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে। এই আবহেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কমিশনকে তোপ মমতার (Mamata Banerjee)

বুধবার সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শনে বের হন মমতা। সেখানেই কমিশনের বিরুদ্ধে সরব হয়ে তিনি অভিযোগ তোলেন, বিজেপির নির্দেশ মেনেই কাজ করছে নির্বাচন কমিশন। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “ওরা পোস্টার, ব্যানার সব ছিঁড়ে দিচ্ছে। এ ভাবে ভোট হয় নাকি! টেরোরিজ়ম চলছে!” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

অন্যদিকে, একই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সকালে বুথ পরিদর্শনে যান। পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “সব ভোট বিজেপিতে পড়ছে।” ফলে ভোটের দিনেই দুই শিবিরের দাবি ও পাল্টা দাবি ঘিরে উত্তেজনা বাড়ছে।

এদিন ভোট চলাকালীন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের চেতলার বাড়িতেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। একটি ভিডিওতে দেখা যায়, সাদা এসইউভি গাড়ির ভিতরে বসেই তিনি ফিরহাদের সঙ্গে কথা বলছেন। জানা গিয়েছে, চেতলা এলাকার ভোট পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিতেই এই সাক্ষাৎ।

উল্লেখ্য, সোমবার গভীর রাতে ফিরহাদের চেতলার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি চালানোর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, বাহিনীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকও উপস্থিত ছিলেন। বিষয়টি কলকাতা হাইকোর্টেও উত্থাপন করা হয়।

Mamata Banerjee's allegation 'Commissiom is doing what the BJP says'

আরও পড়ুন : হাওড়া ডিভিশনে ১০ দিনের ব্লক, সময়সূচিতে বড় বদল—দেরিতে ছাড়বে বহু ট্রেন

এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, “চেতলায় বোমা-গুলি তো দূরের কথা, একটা ইটও কোনওদিন পড়েনি। এই কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা বিজেপির পক্ষে ক্ষতিকর হচ্ছে। কারণ, মানুষকে ভয় দেখিয়ে মন জয় করা যায় না। আর শান্তিপূর্ণ এলাকায় এই অতিসক্রিয়তা মানুষের মনে ভয় তৈরি করছে। ভাবছেন, যদি সত্যি সত্যি আসে, তাহলে কি মিলিটারি রুল হবে?” তবে এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। ভোটের দিনেই ভবানীপুর‌ বিধানসভার রাজনৈতিক পরিবেশ আজকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।