বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য ও জাতীয় রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিঙ্গুরে সভার দিনই তাঁর দিল্লি যাত্রা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। SIR বিতর্ক থেকে কেন্দ্রীয় বঞ্চনা, একাধিক ইস্যু নিয়ে সংসদের বাজেট অধিবেশনের সময়েই কি দিল্লিতে সক্রিয় হতে চলেছেন তৃণমূল সুপ্রিমো? সেই প্রশ্নই এখন ঘুরছে সর্বত্র।
আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন
এই জল্পনার মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে অধিবেশনের সূচনা হবে। আগামী ৩০ জানুয়ারি সংসদে ইকোনমিক সার্ভে বা আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কী কৌশল নেবেন, সেই দিশাও মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) দেখাতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও নেতাজি জয়ন্তীতে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন তিনি।
মমতা (Mamata Banerjee) প্রসঙ্গে কি বললেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ?
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন মানেই সর্বভারতীয় রাজনীতির সকলের নজর রাখা উচিত। কারণ বিজেপির গণতন্ত্র হত্যাকারী নীতির বিরুদ্ধে আন্দোলনের ভরকেন্দ্র হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।” তবে এই বিষয়টি নিয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “রাজ্যে আর ওনার কথা শোনার মতো কেউ নেই। এসআইআর-এর বিরোধিতা করে তিনি রাস্তায় নেমেছিলেন। কিন্তু যাদের নাম বাদ গিয়েছে, সেই ৫৯ লক্ষ মানুষের মধ্যে ক’জন নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন? এখানে ব্যর্থ হয়ে দিল্লিতে গিয়ে ফাঁকা মাঠে বসে কী করবেন, তা বলা মুশকিল।”

আরও পড়ুনঃ না জানিয়ে কেন বদলি? ৩ রোল অবজারভার নিয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে কড়া চিঠি নির্বাচন কমিশনের
সূত্রের দাবি, সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, SIR আইআর ইস্যুতে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে তিনি এবার দিল্লিতে যাবেন। এরপর মঙ্গলবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। কারণ, বাংলার মতো উত্তর প্রদেশেও চলছে SIR। সেখানে ইতিমধ্যেই প্রায় ২ কোটি ৯০ লক্ষ নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। ফলে এই ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলির সমন্বয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।













