বাংলা হান্ট ডেস্ক:আবাস যোজনা নিয়ে অনেকবার অনেক রকম অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এবার এক অন্যরকম খবর সামনে এলো। আবাস যোজনার টাকা ফেরত দিয়েছেন পূর্ব মেদিনীপুরের (Purba medinipur) নন্দীগ্রামের (Nandigram)এক যুবক। কেন তিনি টাকা ফেরত দিয়েছেন, জানলে অবাক হতে হবে।
আবাস যোজনার টাকা ফেরালেন পূর্ব মেদিনীপুরের (Purba medinipur) যুবক
অনেক মানুষ আছে যারা নিজেদের ভুয়ো তথ্য দিয়ে সরকারের এই প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। কিন্তু টাকা ফেরতের ঘটনা প্রথমবার ঘটলো। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোলপুকুরিয়ায় সুশীল মন্ডলের ছেলে সুব্রত মন্ডল-এর নামে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢুকেছিল। কিন্তু তিনি সেই টাকা ফিরিয়ে দেন।
তার বাবা সুশীল মন্ডল নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বিডিও অফিসে এসে নিজে টাকা ফেরত দিলেন আর এই ঘটনায় শোরগোল পড়েছে সারা নন্দীগ্রাম জুড়ে। সুশীল মন্ডলের ছেলে সুব্রত মন্ডল রেলে চাকরি পেয়েছেন। তিনি কেন্দ্রীয় সরকারের স্থায়ী কর্মী এবং তার অবস্থা স্বচ্ছল হয়েছে বর্তমানে, তাই তিনি এই টাকা ফেরত দিয়েছেন।
আরও পড়ুন:কলকাতা পুরসভার বাজেটে ১১১ কোটির ঘাটতি! লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলতেই প্রশ্নের মুখে মেয়র
এইরকম নজিরবিহীন ঘটনায় খুশি প্রশাসন। টাকা অ্যাকাউন্টে ঢোকার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এই টাকা তিনি নেবেন না। সুব্রতর কথায় ‘আমি এখন রেলে চাকরি করছি। আগামীতে নিজের উপার্জনের টাকায় বাড়ি বানিয়ে নিতে পারব। এই টাকাটা যদি কোন প্রকৃত অসহায় মানুষের কাজে লাগে তবেই আমি খুশি হব। যাদের ঘর সত্যিই প্রয়োজন, তারা পাক।’
আরও পড়ুন:রাজ্যের তরফে নেই যথেষ্ট নিরাপত্তা! বেলডাঙাকাণ্ডে কোর্টে ভার্চুয়াল হাজিরা ৩১ অভিযুক্তের

আর ছেলের ইচ্ছাকে সম্মান জানিয়ে বাবা সুশীল মন্ডল নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বিডিও শুভদীপ চৌধুরীর দপ্তরে গিয়ে সেই ৬০ হাজার টাকা ফেরত দিয়ে আসেন। সুব্রত জানিয়ে দেন তার এই প্রকল্পের টাকার আর প্রয়োজন নেই। বিডিও শুভদীপ চৌধুরী জানান, ‘সুব্রত বাবুর এই কর্মকাণ্ডে আমরা ভীষণ খুশি। তিনি নিজে থেকে টাকা ফেরত দিয়েছেন।’ সরকারি নিয়ম মেনে ওই টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এই ঘটনায় সুব্রত মন্ডল-এর বাবা সুশীল মন্ডলকে বিডিও ধন্যবাদও জানিয়েছেন। সত্যিই এরকম মানসিকতাকে কুর্নিশ জানাতে হয়, যা আজকের দিনে সত্যিই বিরল।












