বাংলা হান্ট ডেস্ক : ভোটের ফল প্রকাশের পর থেকেই উত্তর ২৪ পরগনার বারাসাতে (Barasat) রাস্তার নাম পরিবর্তনকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। স্থানীয় স্তরে শুরু হওয়া এই উদ্যোগ এখন রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ‘মসজিদবাড়ি রোড’-এর পরিবর্তে ‘নেতাজিপল্লি রোড’ নাম ব্যবহারের ঘটনাকে ঘিরে চর্চা।
বারাসাতে (Barasat) রাস্তার নাম পরিবর্তনকে ঘিরে বিতর্ক
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বারাসাতের নপাড়া এলাকার রাস্তার নাম বদলের উদ্যোগ নেন স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বিজেপি সমর্থকেরা। এলাকার পুরনো ‘মসজিদবাড়ি রোড’ লেখা হোডিং সরিয়ে সেখানে ‘নেতাজিপল্লি রোড’ নামাঙ্কিত ব্যানার লাগানো হয়। অস্থায়ীভাবেই নতুন নাম ব্যবহার শুরু করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
এরপর, নতুন নাম স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়। রাস্তার জন্য নতুন ফলক তৈরি করে সেটি বসানোর কাজ চলছিল। সেই খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বারাসাত জেলা পুলিশ বাহিনী। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য আগে থেকেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।এই ঘটনাকে ঘিরে বারাসাত জুড়ে শুরু হয়েছে চর্চা।
উল্লেখ্য, বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতেই ফের সক্রিয় হয়ে ওঠেন রাস্তার নাম পরিবর্তনে উদ্যোগী ব্যক্তিরা। তাঁদের তরফে পাথরে খোদাই করা ‘নেতাজিপল্লি রোড’ নামের স্থায়ী ফলক বসানোর কাজ শুরু হয় বলে জানা গিয়েছে।
এলাকার বাসিন্দাদের একাংশের বক্তব্য, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানো। তাঁদের মতে, বিষয়টি কোনও রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত নয়। স্থানীয় বাসিন্দা রাজু দাসের দাবি, “এলাকার হিন্দু ও মুসলিম সকলের উপস্থিতিতেই এই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতাজি কোনও রাজনৈতিক দলের নন, সমগ্র বাঙালির আবেগ।”

আরও পড়ুন : মঙ্গলে ভোট-পরবর্তী হিংসা মামলা হাইকোর্টে, শুনবেন চিফ জাস্টিস
ঘটনার পর থেকেই প্রশাসনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।যদিও সরকারি ভাবে রাস্তার নাম পরিবর্তন নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশি নজরদারি বজায় রাখা হয়েছে। এর আগে, কিছু বিজেপি সমর্থকরা ‘সিরাজ উদ্যান’-এর পুরনো সাইনবোর্ড সরিয়ে সেটির পরিবর্তে ‘শিবাজি উদ্যান’ সাইনবোর্ড বসান। একই সঙ্গে, শহরের ১২ নম্বর জাতীয় সড়কের পাশে কাঠগোলা অঞ্চলে পুরসভার তৈরি একটি প্রবেশদ্বারের নামও বদলে দেওয়া হয়।













