বাংলা হান্ট ডেস্কঃ রাস্তাঘাট নোংরা করলে আর রক্ষে নেই! যেখানে সেখানে নোংরা ফেললে এবার থেকে জরিমানা করা হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেই সঙ্গেই তাঁর ঘোষণা, পার্কিং জোন বাদে অন্য কোথাও গাড়ি পার্ক করা হলেও গুনতে হবে জরিমানা (Fine)।
উত্তরকন্যায় বৈঠকের পর ঘোষণা অগ্নিমিত্রার (Agnimitra Paul)
রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় জরুরি বৈঠকে বসেন অগ্নিমিত্রা। সেই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে তিনি ঘোষণা করেন, রাস্তাঘাট নোংরা করলে, যেখানে সেখানে নোংরা-আবর্জনা অথবা থুতু, পানের পিক ফেললে জরিমানা করা হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে জরিমানা করা হবে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুনঃ কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী! নিহত BJP কর্মীদের পরিবারের জন্য বড় ঘোষণা
একইসঙ্গে অগ্নিমিত্রা জানান, নির্দিষ্ট পার্কিং জোন বাদে অন্য কোথাও গাড়ি পার্ক করলেও জরিমানা গুনতে হবে। এছাড়া সব অবৈধ হোর্ডিং সরিয়ে দিয়ে ডিজিটাল হোর্ডিং লাগানো হবে। সব বাসস্ট্যান্ড ব্যবহার করে এবার বিজ্ঞাপনের বন্দোবস্ত করা হবে বলে জানান তিনি।
বাংলায় নারীপাচার আটকাতে টাস্ক ফোর্স গঠন করার কথাও ঘোষণা করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, এনজিও, পুলিশ, প্রশাসন এবং দফতরের প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হবে।

মন্ত্রী বলেন, রাজ্যে অল্প বয়সে বিয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সেই জন্য নাবালিকারা সন্তানসম্ভবা হয়ে পড়ছে। সেই সঙ্গেই কাজের লোভ দেখিয়েও নারীপাচার করা হচ্ছে। এই নিয়ে সচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা। পাশাপাশি বলেন, মা-বাবাদের এই বিষয়ে সচেতন করতে হবে। স্বেচ্ছাসেবী গ্রুপের সাহায্য নিয়েও কাজ করতে হবে।
এগুলি ছাড়াও এদিনের বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সমাজমাধ্যমে পোস্ট করে সেকথা জানিয়েছেন অগ্নিমিত্রা নিজে। এদিন উত্তরকন্যায় পৌরবিষয়ক আধিকারিকদের সঙ্গে বৈঠকে উত্তরবঙ্গের জল সমস্যার উপর আলোকপাত, পর্যটনকেন্দ্রগুলিতে আধুনিক গণশৌচাগার, মাদক, অবৈধ মদ, জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী নিজে।













