স্টার্টআপ-গবেষণা-ইনোভেশনে এগোচ্ছে ভারত! ফ্রান্স থেকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা মোদীর

Published on:

Published on:

Modi's special message to investors regarding investment in India from France.
Follow

বাংলাহান্ট ডেস্ক: ফ্রান্সের নিস শহরে আয়োজিত ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানের মঞ্চ থেকে ভারতের (India) উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন দিগন্তের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর উপস্থিতিতে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান, ভারত আর কেবল প্রযুক্তির ব্যবহারকারী দেশ নয়, বরং প্রযুক্তির মাধ্যমে বিশ্বের নানা সমস্যার সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারী, গবেষণা প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের ভারতের সঙ্গে অংশীদার হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যে স্পষ্ট, আগামী দিনের বিশ্ব অর্থনীতি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

ফ্রান্স থেকে ভারতে (India) বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা মোদীর:

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তি একে অপরের বিরোধী নয়, বরং পরস্পরের পরিপূরক। তাঁর মতে, কোনও উদ্ভাবনের প্রকৃত মূল্য তার বাজারদর দিয়ে বিচার করা যায় না; বরং মানুষের জীবন কতটা সহজ ও উন্নত হচ্ছে, সেটাই তার প্রকৃত সাফল্যের মাপকাঠি। মোদী বলেন, ভারতের (India) তরুণ প্রজন্ম আজ শুধু ব্যবসায়িক লাভের কথা ভাবছে না, বরং প্রযুক্তি ও গবেষণাকে মানবকল্যাণের জন্য কাজে লাগানোর চেষ্টা করছে। দ্রুত গতিতে, বৃহৎ পরিসরে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে ভারত এগিয়ে চলেছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: অবশেষে মিটল সাড়ে তিন মাসের সংঘাত? ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করে হরমুজ খোলার ঘোষণা ট্রাম্পের

ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসাবিজ্ঞান, যোগ, গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে হাজার হাজার বছর ধরে মানবসভ্যতার উন্নয়নে ভারত গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতাতেই উদ্ভাবন আজ ভারতের ‘ডিএনএ’-র অংশ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। গত এক দশকে দেশের উদ্ভাবনী পরিকাঠামো শক্তিশালী করতে কেন্দ্র একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান মোদী। স্কুল স্তরে ‘অটল টিঙ্কারিং ল্যাব’-এর মাধ্যমে শিশুদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানো হয়েছে। পাশাপাশি পেটেন্ট প্রক্রিয়া সহজীকরণ, ইনকিউবেশন সেন্টার গড়ে তোলা এবং নীতিগত সহায়তা বৃদ্ধির মাধ্যমে স্টার্টআপ সংস্কৃতিকে উৎসাহ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দাবি, বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠেছে ভারতে। দেশে ২ লক্ষেরও বেশি স্টার্টআপ সক্রিয়ভাবে কাজ করছে এবং তারা শুধু ভারতের অর্থনীতিকেই শক্তিশালী করছে না, বরং বৈশ্বিক অর্থনীতির বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতেও সংস্কারের ধারা অব্যাহত রেখে আরও বেশি উদ্ভাবনী সংস্থা ও স্টার্টআপ গড়ে তোলার পরিবেশ তৈরি করা হবে বলে জানান তিনি। বিশ্বের বিনিয়োগকারী, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “ভারতে আসুন, আমাদের সঙ্গে কাজ করুন, ভারতে ডিজাইন করুন, ভারতে উন্নয়ন করুন এবং বিশ্বের জন্য সমাধান তৈরি করুন।”

Modi's special message to investors regarding investment in India from France.

আরও পড়ুন: রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, আবেদন করে থাকলে জানুন

ভারত (India)-ফ্রান্স সম্পর্ক নিয়েও বিশেষভাবে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর মতে, দুই দেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, উদ্ভাবন, অনুপ্রেরণা এবং অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গত কয়েক বছরে জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো একাধিক আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও ফ্রান্স একসঙ্গে কাজ করেছে। ভবিষ্যতেও এই অংশীদারিত্ব আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, ‘ভারত ইনোভেটস’-এর মঞ্চ থেকে মোদীর এই বার্তা কেবল ভারতের প্রযুক্তিগত সক্ষমতার প্রদর্শনই নয়, বরং বিশ্বমঞ্চে দেশের ক্রমবর্ধমান প্রভাব ও নেতৃত্বেরও প্রতিফলন।