বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় সরকার বদলের পর প্রশাসনিক স্তরেও একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছে নতুন সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুখ্যসচিব থাকা নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) এবার বিশেষ দায়িত্ব দিল শুভেন্দু অধিকারীর সরকার। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বিএসএফের জন্য জমি হস্তান্তর নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছিল। সেই পরিস্থিতির মধ্যেই এবার ওই কাজ দ্রুত শেষ করার দায়িত্ব দেওয়া হল নন্দিনীকে।
নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) বিশেষ দায়িত্ব
বুধবার নবান্নে সব দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়। যেসব দপ্তরে এখনও পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগ হয়নি, সেগুলির দায়িত্ব আপাতত বিভিন্ন বিধায়কদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
সেই বৈঠকেই প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বিএসএফের কাছে সীমান্তবর্তী জমি হস্তান্তরের পুরো প্রক্রিয়ার দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছে সরকার।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যের একাধিক এলাকায় এখনও কাঁটাতার বসানো হয়নি। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের তরফে অভিযোগ উঠছিল, রাজ্য সরকার জমি না দেওয়ায় সীমান্তে কাঁটাতারের কাজ আটকে রয়েছে। এমনও দাবি করা হয়েছিল যে, কেন্দ্র জমির টাকা মিটিয়ে দিলেও অনেক ক্ষেত্রে বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া হয়নি।
নতুন সরকার ক্ষমতায় আসার পর এই ইস্যুতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে হঠাৎ মোড়, শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty) রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব। স্বরাষ্ট্র, পর্যটন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মনোজ পন্থ অবসর নেওয়ার পর তাঁকে মুখ্যসচিব করা হয়। তবে বিধানসভা ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে মাঝরাতে তাঁকে ওই পদ থেকে সরানো হয়। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রীর দফতরে ‘ডেভেলপমেন্ট ওয়ার্কস’-এর প্রিন্সিপাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। এবার সেই নন্দিনীর হাতেই তুলে দেওয়া হল সীমান্ত সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব।













