বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজনৈতিক লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে জঙ্গিপুরের সভা থেকে বড়সড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি দাবি করেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের বেতন, ভাতা থেকে শুরু করে উন্নয়ন, সব ক্ষেত্রেই বড় পরিবর্তন আনা হবে। পাশাপাশি রাজ্যের বর্তমান শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করতেও শোনা যায় তাঁকে।
বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা মোদীর (Narendra Modi)
জঙ্গিপুরের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী (Narendra Modi) জানান, বিজেপি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পাবেন। শুধু তাই নয়, কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর কথায়, বিজেপি এলে ভবিষ্যতে সেই অষ্টম বেতন কমিশনের সুবিধাও রাজ্যের কর্মীদের দেওয়া হবে। অর্থাৎ সপ্তম বেতন কমিশন, বাড়তি ডিএ এবং পরে অষ্টম বেতন কমিশনের সুবিধা, সব মিলিয়ে বড় আর্থিক স্বস্তির আশ্বাস দেন তিনি। এর পাশাপাশি আধুনিক পরিকাঠামো, উন্নত রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।
দুর্নীতি ইস্যুতে তোপ প্রধানমন্ত্রীর
সভা থেকে রাজ্যের নিয়োগ দুর্নীতি ইস্যুতেও সরব হন নরেন্দ্র মোদী (Narendra Modi)। নাম না করেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, যুব সমাজকে প্রতারিত করা হয়েছে। তদন্তে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনাকে সামনে এনে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং সব কিছুর হিসাব নেওয়া হবে।
রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তাঁর দাবি, গত ১৫ বছরে তৃণমূলের শাসনে বাংলা পিছিয়ে পড়েছে। অন্যান্য রাজ্যের জিডিপি বাড়লেও বাংলার বৃদ্ধি কমেছে বলে তিনি অভিযোগ করেন। পাশাপাশি রাজ্যের ওপর প্রায় ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সভা থেকে তিনি (Narendra Modi) আরও জানান, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করা হবে। তাঁর মতে, এর মাধ্যমে তোষণের রাজনীতি বন্ধ হবে। একই সঙ্গে বাম ও তৃণমূল শাসনকে একসঙ্গে তুলনা করে তিনি বলেন, তৃণমূল নাকি বামেদেরই ‘কার্বন কপি’ হয়ে উঠেছে। হুমকি ও সিন্ডিকেট রাজনীতির অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুনঃ পুরনো ভোটার কার্ডেই ভোট, নাকি নতুন পাবেন? SIR শেষে বড় আপডেট
মহিলাদের জন্য বিশেষ আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তাঁর দাবি, বিজেপি এলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করার কথাও বলেন তিনি। এছাড়া শিক্ষাক্ষেত্রে উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি জানান, বাংলায় AIIMS, IIT ও IIM-এর মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে রাজ্যের ছাত্রছাত্রীরা বাড়ির কাছেই উচ্চশিক্ষার সুযোগ পায়।













