বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক পরিবর্তন চোখে পড়ছে। এবার যেমন হাড়োয়ার নাসিরহাটি থেকে বারাসাত (Nasirhati-Barasat Bus) যাতায়াত ব্যবস্থায় বড়সড় বদল এল। ফের এই পুরনো রুটে সরাসরি বাস পরিষেবা (Bus Service) চালু হয়েছে। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।
নাসিরহাটি-বারাসাত রুটে ফের বাস চালু | (Nasirhati-Barasat Bus)
জানা যাচ্ছে, রাজ্যের পূর্বতন সরকারের আমলে এই বেসরকারি বাস রুটের চলাচল হাড়োয়া অবধি করা হয়েছিল। এদিকে হাড়োয়া থেকে নাসিরহাটির দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এই রাস্তায় অটো ও টোটোর চলাচল শুরু হয়।
আরও পড়ুনঃ এক প্রশ্নে দুই জবাব! মুখোমুখি জেরায় CID-কে যা বললেন অভিষেক-কুণাল
ফলত সুন্দরবন থেকে বারাসাত জেলা শহরে যাতায়াতকারীদের হাড়োয়া আসতে হলে নাসিরহাটি থেকে অটো কিংবা টোটো ধরতে হত। সরাসরি বাস না থাকায় হাড়োয়া আসার জন্য অটো কিংবা টোটোই ছিল তাঁদের ভরসা। এতে একদিকে যেমন বাস মালিকদের লোকসান হচ্ছিল। তেমনই সাধারণ মানুষকেও ঝক্কি পোহাতে হত।
অভিযোগ, নাসিরহাটি-বারাসাত রুটের বাসের চলাচল হাড়োয়া অবধি করে তৃণমূল নেতারা তোলাবাজি করতেন। নাসিরহাটি থেকে হাড়োয়া অবধি জোর করে অটো ও টোটোর রুট তৈরি করে মোটা টাকা তোলা আদায় করা হত। তবে বিজেপি ক্ষমতায় আসতেই পাল্টে গেল সেই ছবি।

রাজ্যে পালাবদলের পর বাস ইউনিয়ন ও বাস মালিকরা সংশ্লিষ্ট দফতরের দ্বারস্থ হন। নাসিরহাটি থেকে বারাসাত পুরো রুটে বাস চালাতে দেওয়ার অনুরোধ জানান তাঁরা। অবশেষে সোমবার থেকে নাসিরহাটি-বারাসাত বাস পরিষেবা পুনরায় চালু হয়।
এই পুরনো রুটে ফের বাস পরিষেবা চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু যাত্রী। এতে তাঁদের আর ‘ব্রেক জার্নি’ করতে হবে না। অটো বা টোটোর ঝক্কি ছেড়ে এক বাসে করে নাসিরহাটি থেকে বারাসাত পৌঁছে যেতে পারবেন। সেই সঙ্গেই বাস মালিকদেরও আর লোকসান হবে না বলে মনে করা হচ্ছে।














