বাংলাদেশিদের জন্য বড় ঘোষণা! কবে থেকে মিলবে ভারতের পর্যটন ভিসা? সামনে এল দিনক্ষণ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের (Bangladesh-India) নাগরিকদের জন্য বড় সুখবর ঘোষণা করল ভারত। দীর্ঘ প্রায় দু’বছর পর আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করার সিদ্ধান্ত নিল ভারত। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এক সাংবাদিক বৈঠক থেকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২৮ জুন, অর্থাৎ রবিবার থেকেই বাংলাদেশি নাগরিকরা আবারও ভারতের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। তাঁর দাবি, দুই প্রতিবেশী দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও স্বাভাবিক করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে চিকিৎসা বা ব্যবসার পাশাপাশি এবার আবারও বেড়ানোর উদ্দেশ্যে ভারত সফরের সুযোগ পাবেন বাংলাদেশের সাধারণ নাগরিকরা।

বাংলাদেশ-ভারত (Bangladesh-India) সম্পর্কের নতুন সমীকরণ

বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। সেই সাক্ষাতের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ভিসা পরিষেবা পুনরায় চালুর কথা জানান। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়, তার বাইরেও এই দুই দেশের মানুষের মধ্যে বহুদিনের সামাজিক, সাংস্কৃতিক এবং পারিবারিক যোগাযোগ রয়েছে। আর সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতেই পর্যটন ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে।

আরও পড়ুন: কথা রাখল ভারত! ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় পাঠানো হল মেডিক্যাল টিম ও পোর্টেবল হাসপাতাল

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দুই দেশের সম্পর্কে কিছুটা উদ্বেগ তৈরি হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত ও কূটনৈতিক পরিস্থিতির পরিবর্তনের জেরে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে, সেই পরিস্থিতিতেও চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে মেডিক্যাল এবং বিজনেস ভিসা চালু ছিল। ফলে বহু বাংলাদেশি, যারা ঘুরতে, আত্মীয়দের সঙ্গে দেখা করতে বা ধর্মীয় কারণে ভারতে আসতে চাইতেন, তাঁরা সমস্যায় পড়েছিলেন। অবশেষে প্রায় দু’বছর পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফের একবার পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়ায় স্বস্তি ফিরেছে বহু মানুষের মধ্যে।

এদিন দীনেশ ত্রিবেদী জানান যে, সম্প্রতি বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় সাধারণ মানুষের কাছ থেকেই তিনি পর্যটন ভিসা চালুর দাবি শুনেছিলেন। সেই অভিজ্ঞতার কথাও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তাঁর দাবি, দুই দেশের মানুষের যাতায়াত যত সহজ হবে, ততই পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ক আরও মজবুত হবে। তাই ভিসা পরিষেবা স্বাভাবিক করা ভারতের পক্ষ থেকেও একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই এমন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আরও নতুন পথ খুলে যাবে।

New equation between Bangladesh-India relation.

আরও পড়ুন: ঘণ্টায় ১২০ কিমি গতিতে সফল ট্রায়াল! ছুটতে প্রস্তুত ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, কবে শুরু হবে পরিষেবা?

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের (Bangladesh-India) হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। তিনি ভারতের প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পেয়েছেন। তাঁর আগে এই পদে ছিলেন অভিজ্ঞ কূটনীতিক প্রণয় ভার্মা। নতুন দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা নিঃসন্দেহে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু পর্যটন নয়, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, ব্যবসা, সংস্কৃতি এবং পারিবারিক সম্পর্ককেও নতুন করে গতি দেবে।