বাংলা হান্ট ডেস্কঃ প্রতিদিন যারা ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য ভারতীয় রেল (Indian Railways) নিয়ে এল বড় খবর। এতদিন মোবাইলে ইউটিএস অ্যাপ দিয়ে টিকিট কাটা যেত। কিন্তু এবার সেই অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ১ মার্চ থেকে ইউটিএস অ্যাপ আর ব্যবহার করা যাবে না। তার বদলে ব্যবহার করতে হবে নতুন রেলওয়ান অ্যাপ।
এক অ্যাপেই মিলবে সব তথ্য (Indian Railways)
দক্ষিণ রেলওয়ে ধীরে ধীরে ইউটিএস অ্যাপ বন্ধ করছে। রেলের (Indian Railways) তরফে আগেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। প্রথমে সেশন টিকিট বুকিং ও টিকিট রিনিউ করার সুবিধা বন্ধ হয়। তারপর নতুন ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন বন্ধ করা হয়। পরে প্ল্যাটফর্ম টিকিট বুকিং ও আর-ওয়ালেট টপ আপও বন্ধ হয়ে যায়। এবার ১ মার্চ থেকে পুরো অ্যাপটাই বন্ধ হয়ে যাবে।
রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে, এখন থেকে রেলওয়ান অ্যাপই হবে অফিসিয়াল মোবাইল প্ল্যাটফর্ম। টিকিট কাটা থেকে শুরু করে যাত্রীদের সব পরিষেবা এই এক অ্যাপেই পাওয়া যাবে।
রেলওয়ান অ্যাপ দিয়ে অসংরক্ষিত টিকিট, প্ল্যাটফর্ম টিকিট ও সেশন টিকিট কাটা যাবে। রিজার্ভ টিকিটও বুক করা যাবে। পাশাপাশি পিএনআর স্টেটাস দেখা যাবে, টিকিট বাতিল করা যাবে এবং রিফান্ডও পাওয়া যাবে। এই অ্যাপে ট্রেনের লাইভ স্টেটাস দেখা যাবে। ট্রেন কখন আসছে, কোন প্ল্যাটফর্মে ঢুকবে, এমনকি কোন কামরা কোথায় দাঁড়াবে, এই সব তথ্য জানা যাবে।

আরও পড়ুনঃ ১৬ ফেব্রুয়ারি থেকে ‘যুবসাথী’ ফর্ম জমা শুরু! আপনার এলাকায় ক্যাম্প কোথায়, জানুন এক ক্লিকে
পেমেন্টের জন্য আর-ওয়ালেট ছাড়াও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিং ব্যবহার করা যাবে। ইউটিএস অ্যাপে যদি কারও আর-ওয়ালেটে টাকা থেকে থাকে, তা নষ্ট হবে না। সেই টাকা রেলওয়ান অ্যাপে ট্রান্সফার হয়ে যাবে।
এছাড়া এই অ্যাপ থেকে আইআরসিটিসি অনুমোদিত ভেন্ডরদের কাছ থেকে খাবার অর্ডার করা যাবে। তারা সিটে এসে খাবার পৌঁছে দেবে। কোনও সমস্যা হলে অভিযোগ বা মতামতও জানানো যাবে। এর সঙ্গে রেলমদদ অ্যাসিস্ট্যান্স পরিষেবাও যুক্ত রয়েছে। সব মিলিয়ে ১ মার্চ থেকে ট্রেনের টিকিট কাটতে এবং অন্যান্য পরিষেবা পেতে রেলওয়ান অ্যাপই ব্যবহার করতে হবে যাত্রীদের (Indian Railways)।












