বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন তিনি, এমন জল্পনা আগেই শোনা গিয়েছিল। এবার সেই জল্পনায় নিজেই সিলমোহর দিলেন তিন। বৃহস্পতিবার সকালেই সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, সংসদীয় রাজনীতিতে পথচলা শুরুর পরই তাঁর ইচ্ছা ছিল বিহারের দুই কক্ষের পাশাপাশি দেশের সংসদের দুই কক্ষেরও সদস্য হবেন তিনি। এবার সেই ইচ্ছেপূরণের জন্যই তিনি রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে চান বলে জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে এবার রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার (Nitish Kumar):
নীতীশ কুমারের দীর্ঘ রাজনৈতিক জীবনে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ এর আগে তিনি একাধিক বার লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি বিহারের বিধানসভা ও বিধান পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন। তবে এত দিনের রাজনৈতিক জীবনে তিনি কখনও রাজ্যসভায় যাননি। তাই সংসদের উচ্চকক্ষেও প্রতিনিধিত্ব করার ইচ্ছাই এই সিদ্ধান্তের মূল কারণ বলে তিনি তাঁর নিজের পোস্টে উল্লেখ করেন।
আরও পড়ুন:বিপদের বন্ধু! ভারতীয় জলসীমার কাছেই রাশিয়ার ৯৫ লক্ষ ব্যারেল তেল, পাঠাতে প্রস্তুত মস্কো
উল্লেখ্য গত নভেম্বরেই দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতীশ। মাঝখানে কিছু সময় বাদ দিলেও প্রায় দুই দশক ধরে পাটনার ক্ষমতার কেন্দ্রে তিনিই ছিলেন। সমাজমাধ্যমে বিহারবাসীর উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে তাঁকে যে আস্থা ও সমর্থন বিহারের মানুষ দিয়েছেন, তার জোরেই তিনি রাজ্যের সেবা করে যেতে পেরেছেন। আর ভবিষ্যতেও বিহারের উন্নয়নের জন্য মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক অটুটই থাকবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি নতুন সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন।
নীতীশের এই ঘোষণার পর থেকেই স্বাভাবিকভাবেই নতুন এক জল্পনার সূত্রপাত হয়েছে যে, এখন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নীতীশের পুত্র নিশান্ত কুমার এবার সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন এবং তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। অন্য দিকে জোটসঙ্গী বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদে কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আলোচনা চলছে। সে ক্ষেত্রে বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নামই সম্ভাব্য মুখ হিসেবে উঠে আসছে। যদি তা হয়, তবে বিহারের ইতিহাসে প্রথম বার বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন।

আরও পড়ুন:আধার OTP ব্যবহার করে PAN কার্ডে আপডেট করুন ছবি ও স্বাক্ষর, অনলাইন পদ্ধতি জানুন
এদিকে বৃহস্পতিবারই রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার কথা নীতীশ কুমারের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, তাঁর সঙ্গে মনোনয়ন জমা দিতে পারেন বিজেপি জাতীয় সভাপতি নিতিন নবীনও। মনোনয়ন প্রক্রিয়ার সময় উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৬ মার্চ বিহার-সহ দেশের ১০টি রাজ্যে মোট ৩৭টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন হবে। বিধায়ক সংখ্যার নিরিখে জোটশক্তি এগিয়ে থাকায় বিজেপি ও জেডিইউ— উভয়েরই একাধিক আসনে জয়ের সম্ভাবনা জোরালো বলে মনে করা হচ্ছে।












