বাংলাহান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ভারতে (India-Russia) জ্বালানি সংকট দেখা দিলে সাহায্য করতে প্রস্তুত ‘পরম মিত্র’ রাশিয়া! এমনটাই জানিয়ে দিল মস্কো। ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সংঘাতে পশ্চিম এশিয়ায় ক্রমশ উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে। যুদ্ধ পরিস্থিতির জেরে ওই প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। তারা হুঁশিয়ারি দিয়েছে, ওই জলপথ দিয়ে কোনওরকম জাহাজ চলাচলের চেষ্টা করলেই তা লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। বুধবারও সেখানে একটি জাহাজে হামলার ঘটনা সামনে এসেছে, যা উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে চর্চায় ভারত-রাশিয়ার (India-Russia) ‘বন্ধুত্ব’
এই প্রেক্ষাপটে প্রথম থেকেই ভারতে জ্বালানির সংকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। কারণ ভারতের মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় ৪০ শতাংশই আমদানি হয় এই হরমুজ প্রণালী দিয়েই। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ওই পথ দিয়ে এই মুহুর্তে জাহাজ চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অথচ ভারতের মোট তেলের চাহিদার প্রায় ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা খুঁজতে তৎপর হয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও DA নয়! রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, ১৩ মার্চ ধর্মঘট
এই সংকটজনক পরিস্থিতিতে ফের ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ‘বন্ধু’ রাশিয়া। আগেই মস্কোর তরফে জানানো হয়েছিল যে, ভারতের জ্বালানি সরবরাহে কোনও ঘাটতি তৈরি হলে তারা তা পূরণ করতে সর্বদা প্রস্তুত। মস্কোর তরফ থেকে আরও একবার সেই অবস্থান স্পষ্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, ভারতের জলসীমার কাছাকাছি এলাকায় পণ্যবাহী জাহাজের একটি বড় বহর দেখা গিয়েছে, যেখানে বিপুল পরিমাণ রাশিয়ার অপরিশোধিত তেল মজুত রয়েছে বলে দাবি করা হচ্ছে।
সূত্রের খবর, ওই জাহাজগুলিতে মোট প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল রয়েছে। জানা যাচ্ছে জাহাজগুলি রাশিয়ার মালিকানাধীন না হলেও তাতে তেলের উৎস রাশিয়াই। প্রয়োজনে সেই জাহাজগুলির গন্তব্যপথ পরিবর্তন করে ভারতের দিকে পাঠাতেও প্রস্তুত বলে মস্কোর তরফ থেকে জানানো হয়েছে। যদি দিল্লি সিদ্ধান্ত নেয়, তবে কয়েক সপ্তাহের মধ্যেই এই তেল ভারতের বন্দরে পৌঁছে দেওয়া সম্ভব বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:কলকাতায় আজ যানজটের সতর্কতা! দুপুর থেকে বিকেল, কোন সময় কোথায় সমস্যা হতে পারে জানুন
তবে এই নৌ বহর মূলত কোন দেশের উদ্দেশ্যে তেল নিয়ে রওনা দিয়েছিল, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় আপাতত বিকল্প জ্বালানি সরবরাহের পথ খোলা রাখতেই এমন পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে রাশিয়া বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভারতের জ্বালানি সরবরাহে আদৌ কোনও বড় ধাক্কা লাগতে পারে কিনা সেই পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি।












