বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবার বাস্তবে রূপ পেল। সোমবার বিহারের আরও ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে ঢুকেছে। রাজ্য সরকারের ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-র অধীনে এই টাকা দেওয়া হয়েছে। সরকারের দাবি, মহিলাদের স্বাবলম্বী করতে এবং ছোট ব্যবসা শুরু করতে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এই প্রকল্পের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-র মাধ্যমে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র সূচনা করেছিলেন
২০২৫ সালের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন ছিল। তার আগে গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র সূচনা করেন। তখনই ঘোষণা করা হয়েছিল, বিহারের প্রত্যেক পরিবারের এক জন মহিলাকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে, যাতে তাঁরা ছোট ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে পারেন। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিহারে মোট এক কোটি ৮১ লক্ষ মহিলা ১০ হাজার টাকা করে পেয়েছেন। সোমবার আরও ২৫ লক্ষ মহিলা এই সুবিধা পেলেন।
ব্যবসা দাঁড়ালে আরও ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা নীতিশের (Nitish Kumar)
এর আগেই গত মাসে নীতীশ ঘোষণা (Nitish Kumar) করেছিলেন, যাঁরা এই ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন, তাঁদের অতিরিক্ত ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে সেই টাকা একসঙ্গে নয়, ধাপে ধাপে দেওয়া হবে। প্রথম ছ’মাসে ব্যবসার কাজকর্ম এবং লাভের পরিমাণ খতিয়ে দেখে পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে। ব্যবসা ভাল চললে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকবে।

আরও পড়ুনঃ যদি আপনি বেসরকারি চাকরি করেন তাহলে কি পাবেন যুবসাথীর ১৫০০ টাকা? জানুন নবান্নের নির্দেশ
এই প্রকল্পকে ঘিরে ভোটের আগে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল। জন সুরজ দলের প্রধান প্রশান্ত কিশোর অভিযোগ করেছিলেন, এইভাবে ভোট কেনার চেষ্টা করছে সরকার। অনেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সঙ্গে এই প্রকল্পের তুলনা টেনেছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ধরনের প্রকল্পই বিহারের নির্বাচনে এনডিএ-র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।












