বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তুলতেই ‘যুবসাথী’ (Yuvasathi Scheme) নামে নতুন জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রতিক রাজ্য বাজেটে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়। জানানো হয়েছে, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
কবে থেকে অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) টাকা ঢুকবে?
প্রথমে শোনা গিয়েছিল আগস্ট মাস থেকে এই ভাতা (Yuvasathi Scheme) দেওয়া শুরু হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।
বেসরকারি কর্মীরা কি আবেদন করতে পারবেন?
এই প্রকল্পের (Yuvasathi Scheme) মূল লক্ষ্য কর্মহীন বা বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া। প্রাথমিক সরকারি গাইডলাইন অনুযায়ী, যাঁদের আয়ের কোনও নির্দিষ্ট উৎস নেই, তাঁরাই এই প্রকল্পের আওতায় আসবেন। বেসরকারি চাকরিজীবীদের বিষয়ে এখনও আলাদা করে কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, যাঁরা সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থায় স্থায়ীভাবে কর্মরত এবং নিয়মিত আয়কর জমা দেন, তাঁদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভাবনা কম।
এছাড়া যাঁরা মোটা অঙ্কের বেতন পান, তাঁদের নাম তালিকায় থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ফ্রিল্যান্সার বা চুক্তিভিত্তিক স্বল্প আয়ের কর্মীদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ যাঁদের প্রকৃত অর্থে ‘বেকার’ হিসেবে গণ্য করা যায়, তাঁরাই অগ্রাধিকার পাবেন।
আবেদন কবে, কোথায়?
যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্পগুলি খোলা থাকবে। সেখানেই আবেদনপত্র জমা দেওয়া যাবে এবং প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
যোগ্যতা ও শিক্ষাগত মানদণ্ড
এই প্রকল্পে আবেদন করতে গেলে কয়েকটি নির্দিষ্ট শর্ত মানতে হবে। সেগুলি হল –
- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪১ বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর কম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে না।
- এছাড়া যাঁরা বর্তমানে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ বা ‘কৃষক বন্ধু’ প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা পাচ্ছেন, তাঁরা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না।
কারা একই সঙ্গে সুবিধা পাবেন?
সরকার জানিয়েছে, যাঁরা বিভিন্ন স্কলারশিপের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের বাইরে থাকবেন না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী বা বিকাশ ভবন স্কলারশিপের উপভোক্তারাও যুবসাথীর ১৫০০ টাকার জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ তদন্তে বড়সড় গাফিলতি! এত দিন জেল খাটার পর ধর্ষণ-খুন মামলায় হাই কোর্ট থেকে মুক্তি পেল বন্দী
সব মিলিয়ে এপ্রিল মাস থেকে যুবসাথী প্রকল্পের (Yuvasathi Scheme) টাকা দেওয়া শুরু হওয়ার ঘোষণা বেকার যুবক-যুবতীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে আবেদন করার আগে নিজের যোগ্যতা ও শর্তগুলি ভালো করে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।












