বাংলাহান্ট ডেস্ক : লাগাতার ভারী বৃষ্টির জেরে রেলপথে বড় বিপর্যয়। নিউ ফরাক্কা জংশন স্টেশনে ঢোকার মুখে কেবিনের কাছে আপ লাইনের নীচের মাটি বসে গিয়েছে। তার জেরেই বিপর্যয়। বুধবার রাত থেকেই ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এর মাঝে নতুন করে ধস নামায় শুক্রবার সকাল থেকেই আবারও বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। সব মিলিয়ে রেলপথে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন।
উত্তরবঙ্গগামী সব ট্রেন বাতিল (Train Cancelled)
উত্তরবঙ্গগামী সব ট্রেনই এই মুহূর্তে বাতিল। এদিকে বাসেরও ভাড়া বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। কতদিন চলবে এই পরিস্থিতি? পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক বলেন, বৃহস্পতিবার রাতে আবারও ধস নামায় ট্রেন পরিষেবা স্বাভাবিক করার কাজ ব্যাহত হয়। পরে অবশ্য আবারও যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়।

বিকল্প ব্যবস্থা কী: সিপিআরও বলেন, শুক্রবার সব ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে যাতে রেলের গোটা ফোর্স এই কাজে থাকতে পারে। শনিবার থেকেই যাতে পরিষেবা স্বাভাবিক করে তোলা যায় তার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘ট্রেন পরিষেবা বিপর্যস্ত হওয়ায় আমরাও খুব উদ্বিগ্ন। কিন্তু এটা তো প্রাকৃতিক দুর্যোগ। যত দ্রুত সম্ভব সব কিছু মেরামত করার চেষ্টা করা হচ্ছে। বিকল্প ব্যবস্থা হিসেবে এখনও কিছু ভাবা হয়নি।
আরও পড়ুন : এখনও ওয়েটিং লিস্টে ঝুলছে নাম, পুজোর সময় পাবেন কনফার্ম টিকিট? হিসেব করে নিন
কোন কোন ট্রেন বাতিল: ধসের জেরে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। বাতিল হওয়া ট্রেনের (Train Cancelled) তালিকায় রয়েছে হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস,শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-সহরসা হাটে বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা-যোগবনী এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস।
আরও পড়ুন : রেলপথ বন্ধ, সড়কপথে ভাড়া বেড়ে ৪ গুণ! উত্তরবঙ্গগামী বাসের টিকিট কত হল?
এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, হাওড়া-কাটিহার এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন।













