বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে পালাবদলের পর এবার ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের (Government Of West Bengal)। বাতিল হল মমতার জমানার ওবিসি সংরক্ষণ নীতি। মুসলিম সম্প্রদায়ের জন্য চালু থাকা ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এছাড়া OBC সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
OBC সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত
সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম দ্রুত কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ক্ষমতায় এসে তৃণমূল ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করেছিল।
তৃণমূল আমলে বহু মুসলিম গোষ্ঠীর নাম ওবিসি সংরক্ষণ তালিকার আওতায় আনা হয়। যা নিয়ে বিতর্ক কম হয়নি। প্রথমে মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্ট ও তারপর সুপ্রিম কোর্টে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল তৎকালীন তৃণমূল সরকার।
পরে ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। সেই সময় হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট এক ধাক্কায় বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: ভবানীপুরে মমতার ‘গো হারার’ ছবি স্পষ্ট, ২৮টি বুথে ৫০ বা তার কম ভোট, রিপোর্ট সামনে আনল কমিশন
জানা যাচ্ছে, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায় যাতে সংরক্ষণের সুবিধা পান, সেই লক্ষ্যে। শুধুমাত্র SC ও ST-র বাইরে থাকা নির্দিষ্ট অনগ্রসর হিন্দু গোষ্ঠীগুলিই আসবে এর আওতায়। ৭ শতাংশ ওবিসি কোটার সুবিধা পাবেন তারা। ওবিসি এ এবং ওবিসি বি আর থাকবে না। সংরক্ষণ থেকে বাদ পড়ল অতিরিক্ত মুসলিম সম্প্রদায়।













