Durga Puja 2026 Live Updates

পুরীতে জগন্নাথ দর্শনে নতুন নিয়ম আসছে! আগাম স্লট বুকিং, আলাদা সুবিধা বিশেষভাবে সক্ষমদের

Published on:

Published on:

Online slot booking system to be launched for Puri Jagannath Temple
Follow

বাংলা হান্ট ডেস্ক : পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) পুণ্যলাভের আশায় প্রতিদিনই হাজির হন হাজার হাজার ভক্ত। কিন্তু প্রভু জগন্নাথের দর্শন পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা, ঠাসাঠাসি ভিড় এবং লাইনের ঝক্কি অনেক সময়ই দর্শনার্থীদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এবার সেই অভিজ্ঞতা বদলানোর লক্ষ্যেই নতুন পরিকল্পনা করছে মন্দির কর্তৃপক্ষ ও ওড়িশা সরকার।

পুরীর (Puri Jagannath Temple) জগন্নাথ দর্শনে নতুন নিয়ম

আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার বদলে আগাম অনলাইন বুকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সময়ে দর্শনের সুযোগ পেতে পারেন ভক্তরা। নতুন ব্যবস্থায় বাড়িতে বসেই দর্শনের সময় নির্ধারণ করে স্লট বুক করা যাবে বলে প্রস্তাব রয়েছে। সেই বুকিং অনুযায়ী নির্দিষ্ট সময়ে মন্দিরে পৌঁছে নির্ধারিত পথে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। এই পরিষেবা চালুর প্রস্তুতি হিসেবে তৈরি করা হচ্ছে একটি অনলাইন পোর্টাল।

আগামী এক থেকে দুই মাসের মধ্যে ব্যবস্থাটি চালু হতে পারে বলে জানা যাচ্ছে। তবে বুকিংয়ের নিয়ম, সময়সূচি এবং পোর্টাল সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি। শুধু সাধারণ দর্শনার্থী নন, বিশেষভাবে সক্ষম ভক্তদের সুবিধার দিকেও নজর দেওয়া হচ্ছে। তাঁদের জন্য পৃথক স্লট রাখার পরিকল্পনা রয়েছে, যাতে ভিড়ের চাপে দর্শন করতে গিয়ে অসুবিধায় পড়তে না হয়। পাশাপাশি মন্দিরের অভ্যন্তরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ তৈরির উদ্যোগের কথাও জানানো হয়েছে। অর্থাৎ, দর্শন ব্যবস্থাকে আরও গোছানো করার পাশাপাশি ভক্তদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কেন এই পরিবর্তনের প্রয়োজন, তার ব্যাখ্যা দিতে গিয়ে আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, করোনা অতিমারির পর পুরীতে দর্শনার্থীদের সংখ্যা দ্রুত বেড়েছে। ২০১৯-২০ সালের আগের সময়ের তুলনায় ভক্ত সমাগম প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে। সাধারণ দিনে ভিড় থাকলেও ছুটির দিনগুলিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সে সময় জগন্নাথ মন্দিরে ৮০ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত ভক্তের সমাগম হয়। বিপুল সংখ্যক মানুষের প্রবেশ ও দর্শন পরিচালনা করতে গিয়ে অপেক্ষার সময়ও বেড়ে যায়।

Online slot booking system to be launched for Puri Jagannath Temple

আরও পড়ুন : মা দুর্গার বড় প্রিয় এই ৫ রাশি! দেবীর আশীর্বাদে জীবনে আসতে পারে সুখ-সমৃদ্ধি

এই সমস্যার মোকাবিলায় প্রস্তাবিত ব্যবস্থার পরিকল্পনা তৈরিতে সহযোগিতা করছে আইআইটি ভুবনেশ্বর। নতুন নিয়মে মন্দিরে প্রবেশের জন্য আটটি আলাদা সারি রাখার কথা ভাবা হয়েছে। তবে আগে থেকে দর্শনের স্লট বুক করে রাখা ভক্তদের ক্ষেত্রে এই আটটি সারির নিয়ম কার্যকর হবে না বলে জানানো হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনকে আরও সহজ, নিয়ন্ত্রিত এবং আরামদায়ক করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভিড় সামলানোর পাশাপাশি দর্শনার্থীদের সময়েরও সাশ্রয় হতে পারে।