“আমি জিতলে আমার মেয়ে…”, বড় কথা বলে দিলেন বিজেপি প্রার্থী তিলোত্তমার মা

Published on:

Published on:

Panihati BJP Candidate Seeks Votes, Says Serving People Will Honor Her Daughter
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পানিহাটির বিধানসভা কেন্দ্রকে ঘিরে এবার রাজনৈতিক লড়াইয়ে যোগ হল এক নতুন অধ্যায়। নির্যাতিত হয়ে মৃত্যু হওয়া চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার মা বিজেপির (BJP) প্রার্থী হিসেবে মাঠে নেমে সাধারণ মানুষের সমর্থন চাইছেন। মেয়ের বিচার চাওয়ার লড়াই থেকেই এবার ভোটের ময়দানে তাঁর এই পদক্ষেপ ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

কী বার্তা দিলেন তিলোত্তমার মা (BJP)?

পানিহাটিতে বিজেপির (BJP) প্রার্থী হয়েছেন তিলোত্তমার মা। আগে থেকেই তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, তবে এবার সরাসরি নির্বাচনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সমর্থন চাইছেন। তাঁর কথায়, এই লড়াই শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগত যন্ত্রণার মধ্য দিয়েও তৈরি হয়েছে। বুধবার সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, মেয়ের মতোই মানুষের পাশে থাকতে চান তিনি। তিলোত্তমা যেমন রোগীদের চিকিৎসা করতেন, তেমনভাবে তিনি জিতে গেলে এলাকার মানুষের সেবা করবেন বলেই আশ্বাস দিয়েছেন।

এদিন বিজেপির (BJP) প্রার্থী হওয়া প্রসঙ্গে তিলোত্তমার মা বলেন প্রার্থী হওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। নিজের কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক। তবে মানুষের জন্য কিছু করতে পারলে সেটাই হবে তাঁর বড় প্রাপ্তি। তিনি বলেন, “আমি একা কিছুই করতে পারব না। আমি জিতলে আসলে জিতবে পানিহাটির মানুষই।” যাঁরা এতদিন প্রতিবাদ করতে পারেননি, তাঁদের হয়ে তিনি আওয়াজ তুলবেন বলেও জানান।

নারী সুরক্ষার প্রতিশ্রুতি

নিজের মেয়ের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভবিষ্যতে যাতে আর কোনও মেয়েকে এই ধরনের পরিস্থিতির শিকার হতে না হয়, তার জন্যই তিনি লড়াই চালিয়ে যেতে চান। নারী সুরক্ষার বিষয়টিকে তিনি নিজের লড়াইয়ের অন্যতম মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে বলেন, তাঁর মেয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়াত, সেই দায়িত্ব তিনি নিজের মতো করে পালন করার চেষ্টা করবেন। এদিন মেয়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বলেন, সেই রাতের কথা ভাবলে এখনও কষ্ট হয়। তবে মানুষের সেবা করতে পারলে হয়তো তাঁর মেয়ে কোথাও থেকে খুশি হবে, এই বিশ্বাসই তাঁকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ ধর্মঘটে অনুপস্থিতির খেসারত? বেতন কাটার নির্দেশ আসতেই আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শিক্ষকদের

রাজনীতিতে আসার সিদ্ধান্ত কীভাবে?

তিলোত্তমার মা জানান, মেয়ের ন্যায়ের দাবিতে নিজেই বিজেপির (BJP) কাছে পানিহাটি (Panihati) থেকে প্রার্থী হওয়ার আবেদন করেছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বিষয়টি আগেই জানিয়েছিলেন। পরে এক সাক্ষাৎকারে তিলোত্তমার বাবাও বলেন, তাঁর মতে বিজেপিই রাজ্যে পরিবর্তন আনতে পারে এবং নারী সুরক্ষার বিষয়টিকে আরও জোরদার করতে সক্ষম।