বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে আসছে। কোথাও গুলি, কোথাও হামলার অভিযোগ উঠছে। সেই পরিস্থিতির মধ্যেই এবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে (Panihati) বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার পিছনে রয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পানিহাটিতে (Panihati) বোমাবাজি
বুধবার রাতে পানিহাটির (Panihati) ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোড এলাকায় আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় কয়েকজন বিজেপি কর্মী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ, তখনই বাইকে করে কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে পৌঁছয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বাইকে চারজন ছিল।
এরপর আচমকাই বিজেপি কর্মীদের লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, পরপর তিনটি বোমা ফাটানো হয় এলাকায় (Panihati)। বিস্ফোরণের পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হামলার পর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনায় অন্তত পাঁচজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় খড়দহ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘দিনের পর দিন রেকি, তারপর খুন!’ চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু, কর্মীদের দিলেন কড়া বার্তা
এদিকে এই ঘটনাকে (Panihati) ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে উত্তেজনা। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। যদিও সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে তৃণমূল।












