উৎসবের মরশুমে বড় ধাক্কা! লিটার প্রতি ৫ টাকা বাড়ল পেট্রোল, মহার্ঘ ডিজেলও

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: পুজোর মরশুম শুরু হওয়ার মুখেই ফের জ্বালানির দামে (Fuel Price) বড় ধাক্কা। মাসের শুরুতেই পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Prices) বাড়িয়ে দিল দেশের অন্যতম বড় বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি (Nayara Energy)। ৩ অক্টোবর থেকে সংস্থার দেশজুড়ে থাকা পাম্পগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে নায়ারার বেশ কিছু পাম্পে পেট্রোলের দাম ফের ১০০ টাকার গণ্ডি পেরিয়েছে, কোথাও কোথাও ডিজেলের দামও সেই সীমার কাছাকাছি বা তার ওপরে পৌঁছেছে।

উৎসবের মরশুমে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Prices)

তবে এই মুহূর্তে বিষয়টি সব তেল সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম বা হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাম্পে একই হারে দাম বাড়ানো হয়েছে, এমন কোনও নিশ্চিত খবর এখনও নেই। ফলে নায়ারার গ্রাহকরাই আপাতত এই বাড়তি খরচের মুখে পড়ছেন। দেশের সবচেয়ে বড় বেসরকারি ফুয়েল রিটেল নেটওয়ার্কগুলির অন্যতম নায়ারা এনার্জির ৭ হাজারেরও বেশি পাম্প রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সংস্থাগুলির উপর খরচের চাপ বাড়ছে (Petrol-Diesel Prices)

আরও পড়ুন: ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবর! পুজোর আবহে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, রইল তালিকা

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিই এই মূল্যবৃদ্ধির অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের চড়েছে। এর ফলে আমদানি করা অপরিশোধিত তেল থেকে পেট্রোল-ডিজেল তৈরি করে বাজারজাত করার ক্ষেত্রে সংস্থাগুলির খরচও বেড়েছে। এমন পরিস্থিতিতে খুচরো দামের সঙ্গে আন্তর্জাতিক বাজারের দামের ব্যবধান কমাতেই নায়ারা দাম বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য। জ্বালানির দাম দীর্ঘদিন তুলনামূলকভাবে স্থির থাকার পর এই পরিবর্তন স্বাভাবিকভাবেই পরিবহণ খরচ এবং সাধারণ মানুষের মাসিক বাজেট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এর আগে চলতি বছরের মার্চেও নায়ারা পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৫ টাকা এবং ৩ টাকা বাড়িয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পরে কমে যাওয়ায় ১ জুলাই সেই বাড়তি দাম পুরোপুরি ফিরিয়ে নেয় সংস্থাটি। অর্থাৎ জুলাইয়ে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ৩ টাকা কমানো হয়েছিল। সেই সময় মুম্বইয়ে নায়ারার পেট্রোলের দাম ১১১.৬৬ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৯৯ টাকা প্রতি লিটার ছিল। এবার বিশ্ববাজারে ফের তেলের দামের চাপ বাড়তেই মার্চের মতোই আরও একবার দাম বাড়ানোর পথে হাঁটল সংস্থা।

Petrol-Diesel Prices hiked again during the festive season

আরও পড়ুন: আকাশ থেকে ব্রহ্মস! বিশ্বজুড়ে ভারতের মিসাইলের দাপট, হবে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি রফতানি

এই মূল্যবৃদ্ধির প্রভাব শুধু গাড়ি বা বাইক চালানোর খরচেই সীমাবদ্ধ থাকবে না বলেই আশঙ্কা। ডিজেলের দাম বাড়লে পণ্যবাহী ট্রাক, বাস এবং অন্যান্য পরিবহণ ব্যবস্থার খরচ বাড়তে পারে। তার প্রভাব ধীরে ধীরে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যসামগ্রী এবং অন্যান্য পরিষেবার দামেও পড়ার সম্ভাবনা থাকে। এরই মধ্যে সরকার বেসরকারি জ্বালানি বিক্রেতাদের পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price) বিক্রি সীমিত না করার নির্দেশ দিয়েছে। ফলে আন্তর্জাতিক তেলের বাজারের পরিস্থিতি আগামী দিনে আরও বদলালে অন্যান্য বেসরকারি সংস্থাও দামে পরিবর্তন আনে কি না, সেদিকেই এখন নজর।