বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোকে সামনে রেখে কলকাতা ও শহরতলির বাসিন্দাদের জন্য বিশেষ পুজো পরিক্রমার (Puja Parikrama 2026) আয়োজন করেছে রাজ্যের পরিবহণ দফতর। সপ্তমী থেকেই শুরু হবে এই পরিষেবা। বাস, এসি ট্রাম ও লঞ্চে করে বনেদি বাড়ির পুজো, বিখ্যাত বারোয়ারি পুজো এবং উত্তর কলকাতার একাধিক নামী পুজো দেখার সুযোগ থাকবে। জয়রামবাটি ও কামারপুকুরের পুজোর জন্যও আলাদা ব্যবস্থা করা হয়েছে।
Puja Parikrama 2026 : কোন প্যাকেজে কোথায় ঘুরবেন, কত ভাড়া?
বনেদি বাড়ির পুজো: ১৭ ও ১৮ অক্টোবর সপ্তমী, ১৯ অক্টোবর অষ্টমী এবং ২০ অক্টোবর নবমীতে এই পরিক্রমা (Puja Parikrama 2026) হবে। এসপ্ল্যানেড থেকে সকাল ৮টায় বাস ছাড়বে। রিপোর্টিং সকাল সাড়ে ৭টায়। দেখা যাবে বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ির ১ ও ২ নম্বর পুজো, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায় চৌধুরীর বাড়ি এবং মেজো বাড়ির পুজো। তবে অষ্টমীর দিন ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি থাকবে না। জনপ্রতি ভাড়া ২,৪০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের ১,৮৫০ টাকা এবং ০-৫ বছরের শিশুদের কোনও ভাড়া নেই। তবে ছোটদের আসন সংরক্ষণ করা যাবে না। সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
কলকাতার বনেদি বাড়ি: ১৭, ১৮ ও ২০ অক্টোবর এই পরিক্রমা হবে। বারাসত কলোনি মোড় থেকে সকাল ৮টায় বাস ছাড়বে, রিপোর্টিং সকাল সাড়ে ৭টায়। দেখা যাবে মানিকতলার ঘোষ পরিবার, মানিকতলার সাহা পরিবার, কুমারটুলি সেন পরিবার, শোভাবাজার রাজা রাজকৃষ্ণ দেবের পুজো, শোভাবাজার বড় রাজবাড়ি, চোরবাগান চট্টোপাধ্যায়, মিত্র ও শীল বাড়ি, জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁ বাড়ি, জানবাজার চৌধুরী বাড়ি, রানি রাসমণি বাড়ি, ঠনঠনিয়া দত্ত বাড়ি ও লাহা বাড়ির পুজো। জনপ্রতি ২,৫০০ টাকা, ৫-১০ বছরের শিশুদের ১,৯০০ টাকা। ০-৫ বছরের শিশুদের ভাড়া নেই, তবে আসন বুক করা যাবে না। সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক।
বিলাসবহুল বাস: ১৭, ১৮ ও ২০ অক্টোবর এসপ্ল্যানেড ও বারাসত থেকে সকাল ৯টায় বাস ছাড়বে। রুটে থাকবে একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন ও বাগবাজার পল্লি। ৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য বারাসত থেকে ভাড়া ২,৫০০ টাকা এবং এসপ্ল্যানেড থেকে ২,৪০০ টাকা। সঙ্গে স্ন্যাক্স, চা-কফি ও লাঞ্চ থাকবে।
জলপথে পুজো পরিক্রমা: ১৭, ১৮ ও ২০ অক্টোবর হাওড়া CTC টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো ও ডানলপ মোড় থেকে সকাল ৯টা ১৫ মিনিটে বাস ছাড়বে। ব্যারাকপুর থেকে ছাড়বে সকাল ৮টায়। শহরের বিখ্যাত বারোয়ারি পুজো দেখানো হবে এবং শেষে নির্দিষ্ট জায়গায় বাস ফিরবে। হাওড়া CTC টার্মিনাস ও টালিগঞ্জ থেকে ভাড়া ১,০০০ টাকা, ডানলপ ও ব্যারাকপুর থেকে ১,১০০ টাকা। ৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য এই ভাড়া।
এসি ট্রামে পুজো দেখা: ১৭, ১৮ ও ২০ অক্টোবর এই পরিষেবা থাকবে। সকাল ১০টায় বাস ছাড়বে। কাশীবোস লেন, হাতিবাগান সর্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, একডালিয়া ও সিংহী পার্কের পুজো দেখানো হবে। ৫ বছর বা তার বেশি বয়সীদের ভাড়া ৮০০ টাকা।
লঞ্চে উত্তর কলকাতার পুজো: ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর মিলেনিয়াম পার্ক থেকে সকাল ১১টায় লঞ্চ ছাড়বে। হাওড়া জেটি হয়ে আহিরীটোলা ঘাটে পৌঁছবে। এরপর এসি বাসে আহিরীটোলা ঘাট সংলগ্ন পুজো, শোভাবাজার রাজবাড়ি, কুমারটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্ক, বলরাম মন্দির, শ্রীশ্রী মায়ের বাড়ি ও বাগবাজার সর্বজনীন দেখানো হবে। এরপর বাগবাজার স্টিমার ঘাট থেকে লঞ্চে মিলেনিয়াম পার্কে ফেরা যাবে। জনপ্রতি ভাড়া ৮০০ টাকা। ৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য এই ভাড়া।
জয়রামবাটি ও কামারপুকুর: ১৯ অক্টোবর অষ্টমীর দিন বিশেষ বাস চলবে। এসপ্ল্যানেড থেকে ভোর ৫টা এবং বারাসত থেকে ৪টা ১৫ মিনিটে বাস ছাড়বে। এসপ্ল্যানেড ট্রাম অফিস, বাগবাজার বাটা ও ডানলপ মোড় থেকেও ওঠা যাবে। প্রথমে জয়রামবাটি, পরে কামারপুকুরের পুজো দেখানো হবে। এসপ্ল্যানেড থেকে ভাড়া ১,৫০০ টাকা এবং বারাসত থেকে ১,৭০০ টাকা। ৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য এই ভাড়া।
কোথা থেকে টিকিট পাবেন?
এসপ্ল্যানেড ট্রাম ডিপো, কাঁকুড়গাছি S-3B বাস স্ট্যান্ড, যাদবপুর ৮বি বাস টার্মিনাস, গড়িয়া ৬ নম্বর বাস টার্মিনাস, বেহালা ১৪ নম্বর বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপোর CTC অফিস, বারাসত কলোনি মোড়ের CTC কাউন্টার এবং বারাসত তিতুমীর ৯ নম্বর বাসস্ট্যান্ড থেকে টিকিট পাওয়া যাবে।
এছাড়া পরিবহণ ভবনের ১১ আর এন মুখার্জি রোড, কলকাতা-৭০০০০১ এবং ৪৫ গণেশ চন্দ্র এভিনিউয়ের গ্রাউন্ড ফ্লোর, কলকাতা-৭০০০১৩ থেকেও টিকিট মিলবে। বুকিং সংক্রান্ত সমস্যায় 9830177000 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া 033 2213-1212/13/14/25 এবং 8697733391 নম্বরেও যোগাযোগ করা যাবে। রুট, সময়সূচি ও অনলাইন বুকিংয়ের তথ্য WBTC Online Booking-এ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ জানুয়ারিতেই কলেজ ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা, ভগিনী নিবেদিতা প্রকল্পে কারা পাবেন সুবিধা?
পুজো পরিক্রমায় (Puja Parikrama 2026) জলখাবার, পুরনো দিনের বাঙালি খাবার দিয়ে দুপুরের খাবার, চা ও পানীয় জলের ব্যবস্থাও থাকবে। প্রত্যেক যাত্রীর সঙ্গে সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। প্রতিটি বাসে একজন করে যাত্রী সহায়ক এবং বিশেষ চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও থাকবে।













