বাংলাহান্ট ডেস্ক : পুরীতে রথযাত্রার সময় ঢল নামে ভক্তদের। আর দুদিন পর আগামী বৃহস্পতিবারই রথযাত্রা। প্রতি বছরের মতো এবছরও প্রচুর ভক্ত সমাগম হতে চলেছে পুরীতে। প্রতি বছরের মতো এ বছরও ভক্তের ঢল নামবে বলেই মনে করা হচ্ছে। সেকথা মাথায় রেখেই এবার ভিড় সামলাতে বড় উদ্যোগ নিল দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রথযাত্রা উপলক্ষে শালিমার থেকে পুরী এবং বাংরিপোসির থেকে পুরীর মধ্যে চলবে বিশেষ ট্রেন।
রথযাত্রায় স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের (Indian Railways)
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম বিশেষ ট্রেন চলবে শালিমার ও পুরীর মধ্যে। ০৮৫৬৫/০৮৫৬৬ শালিমার-পুরী-শালিমার রথযাত্রা স্পেশ্যাল ট্রেন শালিমার স্টেশন থেকে আগামী ১৫ এবং ২৩ জুলাই জোড়া ট্রিপ করবে। সন্ধ্যা ৬ টায় শালিমার থেকে ছেড়ে পরদিন সকাল ৬ টায় পুরী পৌঁছাবে। ফেরার সময় পুরী থেকে বিশেষ ট্রেনটি ১৭ ও ২৫ জুলাই রাত সাড়ে ১২ টায় রওনা দিয়ে পরদিন শালিমার পৌঁছাবে দুপুর দেড়টায়।

কোন স্টেশনে দাঁড়াবে: রেলের (Indian Railways) তরফে জানা গিয়েছে, ট্রেনটি যাতায়াতের পথে সাঁতরাগাছি, মেচেদা, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, বস্তা, রূপসা, বালেশ্বর, সোরো, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডের মতো স্টেশনগুলিতে থামবে।
আরও পড়ুন : রথের সময় দিঘা যাওয়ার প্ল্যান, হোটেলের ভাড়া কেমন? সময় থাকতে জানুন
কবে কবে চলবে: বাংরিপোসি থেকে পুরীর উদ্দেশে একটি মেমু স্পেশ্যাল ট্রেন চালানো হবে। বাংরিপোসি-পুরী-বাংরিপোসি রথযাত্রা মেমু স্পেশ্যাল ট্রেন ১৫, ২৩ ও ২৪ জুলাই মোট তিনটি ট্রিপ করবে। বাংরিপোসি থেকে দুপুর আড়াইটেয় ছেড়ে পরদিন ভোর ৩ টেয় পুরী পৌঁছাবে ট্রেন। ফেরার সময় পুরী থেকে ১৭, ২৫ ও ২৬ জুলাই ট্রেনটি রাত ১ টা ১৫ তে রওনা হয়ে বাংরিপোসি পৌঁছাবে দুপুর দেড়টায়।
আরও পড়ুন : তারকেশ্বরে শ্রাবণী মেলায় যাবেন? ২৮ টি স্পেশ্যাল ট্রেন দিল রেল, জেনে নিন টাইমটেবিল
বাংরিপোসি থেকে রানিথাল পর্যন্ত যাত্রাপথের প্রতিটি স্টেশনেই দাঁড়াবে ট্রেনটি। উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামলাতেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে।













