বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বরের পর ফের আরজি কর (RG Kar) চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্তের অগ্রগতি নিয়ে একদিকে সিবিআই তাদের কাজের বিস্তারিত তুলে ধরলেও, অন্যদিকে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে অগ্রগতি না হওয়ার অভিযোগে এদিন আদালতে জোরালো সওয়াল করলেন নির্যাতিতার আইনজীবী। সেই নিয়েই নতুন করে শুরু হয়েছে চর্চা।
আরজিকর (RG Kar) মামলার চার্জশিটে কী দাবি সিবিআইয়ের
সিবিআই সূত্রে জানা গিয়েছে, আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট আউট পোস্টে কর্মরত পুলিশ সদস্য, টালা থানার একাধিক পুলিশকর্মী এবং যিনি জিডি নথিভুক্ত করেছিলেন, তাঁদের সকলের ফোন কল ডিটেলস পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি আরজি করের মেডিক্যাল ও নন-মেডিক্যাল অফিসার ও কর্মীদের কয়েকজনের কল ডিটেলসও খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, তদন্তে যুক্ত কলকাতা পুলিশের যেসব আধিকারিক কাজ করেছিলেন, তাঁদের ফোন কল ডিটেলসও পরীক্ষা করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।
এদিন আদালতে সিবিআই জানায়, নভেম্বরের পর নতুন করে আরও ১২ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই তথ্যই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আদালতে কেস ডায়েরিও জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই রিপোর্ট ঘিরেই প্রশ্ন তুলেছেন নির্যাতিতার আইনজীবী। তাঁর বক্তব্য, মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজার এক বছর পার হয়ে গেলেও, মামলার বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে কোনও দৃশ্যমান অগ্রগতি নেই।
আইনজীবীর দাবি, ১৪ নভেম্বর আদালতের যে নির্দেশ ছিল, সেই অনুযায়ী তদন্ত এগোয়নি। এই অভিযোগকে সামনে রেখেই এদিন শুনানিতে বারবার জোরালো সওয়াল করেন নির্যাতিতার পক্ষের আইনজীবী। বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত কোথায় দাঁড়িয়ে তা নিয়েই আদালতে তীব্র প্রশ্ন ওঠে।

আরও পড়ুনঃ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল টাটা, সেই সিঙ্গুরেই ৮৩০ কোটির উন্নয়ন প্রকল্প নিয়ে হাজির প্রধানমন্ত্রী
উল্লেখ্য, নভেম্বর মাসে একবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পর এবার ফের নতুন রিপোর্ট জমা হওয়ায়, আরজি কর মামলা (RG Kar) ঘিরে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিয়ালদহ আদালতে পরবর্তী শুনানির দিকেই এখন নজর।












