বাংলাহান্ট ডেস্ক : বিগ বস বাংলায় ধুন্ধুমার কাণ্ড। টিকিট টু ফিনালের টাস্ক জিততে গিয়ে সৌরভ দাসকে ধাক্কা মেরে রিকশা থেকেই ফেলে দেন জিতু কামাল (Jeetu Kamal)। ছাউনি ভেঙে মাটিতে পড়ে গিয়ে বড়সড় চোট পান সৌরভ। এই ঘটনায় জিতুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল সৌরভের পরিবার। জিতুর বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক মানসিকতা’র অভিযোগ এনেছেন সৌরভের মা বাবা।
জিতুর (Jeetu Kamal) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সৌরভের মা
এই ঘটনার পর সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছেলের জন্য চরম উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় সৌরভের মাকে। তিনি বলেন, ‘যেভাবে ওকে ছিটকে ফেলে দেওয়া হল তা অনৈতিক এবং ভয়ঙ্কর। পড়ে গিয়ে ওর মুখ ফেটে যেতে পারত।’ তিনি আরও বলেন, সৌরভ নিয়ম মেনে একাই খেলতে পছন্দ করেন। কাউকে আঘাত করে ট্রফি জেতা তাঁর স্বভাব নয়।

কী বললেন তিনি: জিতুর বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক মানসিকতা’র অভিযোগ এনে সৌরভের মা বলেন, তাঁর মানসিক সুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন আছে। তাঁর আরও অভিযোগ, বিগ বসের ঘরে জিতু এবং রাজবীর মিলে একটি গোপন আঁতাত তৈরি করেছেন। রিকশার টাস্কে রাজবীরের নিশানায় শুধু সৌরভই ছিল। শুধু তাই নয়, সৌরভের বোন সরাসরি ‘খুনি’ তকমাও দিয়েছেন জিতুকে। এর আগে মনামীর মায়ের বলা কথাকেই সমর্থন করেছেন তিনি।
আরও পড়ুন : সরকারি কর্মীদের হাজিরায় বড় বদল! ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে নতুন ব্যবস্থা
কী ঘটে টাস্কে: প্রসঙ্গত, টিকিট টু ফিনালের টাস্কে একটি রিকশায় পাশাপাশি বসানো হয়েছিল জিতু (Jeetu Kamal) ও সৌরভকে। বাকিরা তাঁদের বিরক্ত করবেন, তবে রিকশা ঝাঁকানো বা ধাক্কা দেওয়া চলবে না। এদিকে সৌরভ একটা সময়ে নীচের দিকে একটু ঝুঁকতেই তাঁকে ধাক্কা মেরে নীচে ফেলে দেন জিতু। ছাউনি ভেঙে মাটিতে পড়েন সৌরভ। কেটে গিয়ে রক্তও বেরোয় তাঁর। এই ঘটনায় জিতুর আচরণের তীব্র প্রতিবাদ করেন নিরঞ্জন, তনুশ্রী, রণিতা, দুর্নিবার। তবে চুপ থাকতে দেখা যায় সৃজলাকে।
আরও পড়ুন : ধনেপাতা ফ্রিজে ভরলে দুদিনেই শুকিয়ে কালো, কীভাবে দীর্ঘদিন থাকবে টাটকা?
এদিকে চমক কিন্তু বাকি ছিল তখনও। ফিনালের টিকিট জিতলেও মাঝরাতে ঘরের বাকিরা ঘুমিয়ে পড়লে কনফেশন রুমের সামনে গিয়ে টিকিট ফিরিয়ে নেওয়ার আর্জি জানান জিতু। তাঁর কথায়, আগামী দু সপ্তাহ তিনি ফাইট করেই ফাইনালে যেতে চান। এবার বিগ বস কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।












