বাংলা হান্ট ডেস্কঃ আবাস যোজনার (Awas Yojana) মাধ্যমে বহু মানুষের বাড়ির স্বপ্ন পূরণ হয়েছে। উপকৃত হয়েছে হাজার হাজার পরিবার। এবার এই প্রকল্পেই বড় বদল আনল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। গ্রামীণ আবাস প্রকল্পে প্রকৃত প্রাপকদের চিহ্নিতকরণের প্রক্রিয়া যাতে রাজনীতির প্রভাবমুক্ত থাকে, তা নিশ্চিত করতে নেওয়া হল বড় পদক্ষেপ। এবার বাংলাতেও চালু হতে চলেছে সেলফ সার্ভে।
আবাস যোজনায় (Awas Yojana) সেলফ সার্ভে!
জানা যাচ্ছে, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে আগেই সেলফ সার্ভে তথা স্ব-সমীক্ষা পদ্ধতি চালু হয়েছে। এবার সেই ধাঁচে বাংলাতেও এই পদ্ধতি চালু করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের তরফে সকল জেলার জেলাশাসকদের উদ্দেশে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে নয়া পদ্ধতির সম্বন্ধে বিশদে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ হাবরা থেকে হাওড়া যাতায়াত আরও সহজ! নতুন সরকারি বাস পরিষেবা চালু, স্টপেজ-সময়সূচি জানুন
এই বিষয়ে নবান্ন সূত্রে জানা গিয়েছে, নয়া ব্যবস্থার মাধ্যমে জনগণ নিজেই আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। এরপর তাঁদের আবেদন যাচাই করা হবে এবং সব শেষে চূড়ান্ত তালিকার তৈরি করবে সরকার।
এই বিষয়ক সরকারি নির্দেশ বলছে, আবেদনে ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে নিজের মোবাইলে ‘আধারফেস আরডি’ এবং ‘আবাসপ্লাস ২০২৪’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমেই আধারভিত্তিক পরিচয় যাচাই করে তাঁরা আবেদন জানাতে পারবেন।
সেই আবেদন জমা পড়ার পর তথ্য যাচাই করতে সমীক্ষকরা আবেদনকারীদের বাড়ি যাবেন। সেই সঙ্গেই আবাস যোজনার নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী সুবিধাভোগী হিসেবে তাঁর যোগ্যতা যাচাই করবেন। এছাড়া যারা অনলাইনে আবেদন জানাতে পারবেন না, তাঁদেরও চিন্তা নেই। সমীক্ষকরা তথ্য সংগ্রহ করতে এই সকল ব্যক্তিদের বাড়ি বাড়ি যাবেন ও যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন।

আবাস যোজনার তালিকায় যাতে কোনও রকম অস্বচ্ছতা না থাকে তা সুনিশ্চিত করতেও ব্যবস্থা করা হয়েছে। সরকারি নির্দেশ অনুসারে, আবাসের তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখতে ত্রিস্তরীয় ব্যবস্থা চালু হবে। জেলা প্রশাসনকে বলা হয়েছে, অন্তত ১০% পরিবারের তথ্য মহকুমা অথবা ব্লক লেভেল আধিকারিকদের দ্বারা ফের যাচাই করতে হবে। সেই সঙ্গেই ৫% ক্ষেত্রে ব্লক লেভেল আধিকারিকদের পৃথক পর্যালোচনা ও ২% ক্ষেত্রে জেলা লেভেল আধিকারিকদের সরাসরি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
রাজ্য সরকার মনে করছে, আবাস যোজনার ক্ষেত্রে এই নতুন পদ্ধতি চালু হলে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিতকরণের কাজ আরও সহজ হবে। সেই সঙ্গেই এই প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে ও ভুল তথ্যের ভিত্তিতে তালিকায় স্থান পাওয়ার অভিযোগও অনেক কমবে।













