বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পর তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যে ভাঙন দেখা গিয়েছিল, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এতদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকা কয়েকজন বিধায়ক সোমবার প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁদের এই অবস্থানের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ঋতব্রত শিবিরের শক্তি কি কমতে শুরু করেছে?
তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) বদলাচ্ছে সমীকরণ?
পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তুলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একজোট হয়েছিলেন জোড়াফুল প্রতীকে জিতে আসা একাধিক বিধায়ক। তবে সোমবার বিধানসভায় অন্য ছবি দেখা গেল।
বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান বলেন, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), জোড়াফুল প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরের সঙ্গে জড়িত। তাঁর দাবি, মমতার ছবি না থাকলে তিনি ১০টাও ভোট পেতেন না। তিনি আরও জানান, তাঁর একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই মমতার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে এসেছেন।
একইভাবে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এবং মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক মোল্লাও মমতার প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। এর পর থেকেই রাজনৈতিক মহলে ঋতব্রত শিবির নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এদিকে হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে কর্মসূচি পালন করে কালীঘাটপন্থী তৃণমূল (Trinamool Congress)। কলকাতাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়। হাজরা মোড়ে পুলিশ ও তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং কয়েকটি জায়গা থেকে কর্মীদের গ্রেপ্তার করা হয়।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই কর্মসূচিতেই শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও পুলক রায়দের সঙ্গে দেখা যায় তৌসিফুর রহমান, বিভাস সর্দার এবং আবদুল খালেক মোল্লাকে। এরপর কুণাল ঘোষ দাবি করেন, শুধু এই তিনজন নন, আরও ২৩-২৪ জন বিধায়ক ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের বেতন, DA ও পেনশন নিয়ে অষ্টম পে কমিশনে বড় প্রস্তাব
যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করে বলেন, বিভাস সর্দার ও তৌসিফুর রহমানের দায়িত্ব তিনি নেবেন না। তবে আবদুল খালেক মোল্লা এখনও তাঁদের সঙ্গেই আছেন। পাশাপাশি তাঁর দাবি, তাঁদের শিবিরে এখনও ৬৫ জন বিধায়ক রয়েছেন (Trinamool Congress)।













