বাংলা হান্ট ডেস্ক : বালি পাচার মামলায় নতুন করে চাপে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাস। ইডির(Enforcement Directorate) তলবের পরেও হাজিরা না দেওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। ইডি সূত্রে জানা গিয়েছে, বালি পাচার সংক্রান্ত আর্থিক অনিয়মের মামলায় কলকাতা পুলিশের ডিসিকে (Shantanu Sinha) সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।
ইডির (Enforcement Directorate) হাজিরা এড়ালেন শান্তনু
আজ, বুধবার শান্তনু নিজে না গিয়ে আইনজীবীকে পাঠান। তাঁর তরফে জানানো হয়, ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না এবং তদন্তকারী সংস্থার কাছে কিছুটা সময় চাওয়া হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকার ‘সোনা পাপ্পু’র সঙ্গে যুক্ত একটি মামলাতেও তাঁর নাম উঠে এসেছে।এই মামলার তদন্তে ইতিমধ্যেই এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইডি। এই ঘটনায় গত রবিবার শান্তনুর বাড়িতে হানা দেয় ইডি।
সোনা পাপ্পু সংক্রান্ত মামলার সূত্র ধরেই ফার্ন রোডে শান্তনুর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে সেই অভিযান। পরে তাঁকে ও তাঁর দুই পুত্রকে ইডির দফতরে ডাকা হলেও তাঁরা কেউই হাজির হননি।

আরও পড়ুন : ভোটের আগে সরকারি বাস সংকট, বিপাকে নিত্যযাত্রীরা
এখন বালি পাচার মামলাতেও একই চিত্র দেখা গেল। সব মিলিয়ে, একাধিক মামলায় ইডির তলব উপেক্ষা করায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আগামী দিনে শান্তনু কবে তদন্তে অংশ নেন, সেটাই এখন নজরে রয়েছে।












