বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে ভারতের মিডল অর্ডারের অন্যান্য তারকারা ছন্দে থাকলেও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সাম্প্রতিক ফর্ম চিন্তা বাড়াচ্ছে প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। গত বিশ্বকাপের সময়টা অর্থাৎ ২০২৩ সালটা ছিল শ্রেয়স আইয়ারের ওডিআই কেরিয়ারের সেরা বছর। সেই সময়ই চার নম্বরে ভারতীয় দলের (Indian Cricket Team) মূল ভরসা হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সেই বিশ্বকাপের পর থেকেই আস্তে আস্তে বদলেছে পরিস্থিতি। এক সময় চার নম্বর পজিশনের অপ্রতিরোধ্য তারকা এখন ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন এই ফরম্যাটে।
পরিসংখ্যান বলছে, গত দুই বছরে আমূল বদলে গেছে মুম্বাইকারের পারফরম্যান্স। সম্প্রতি একটি পরিসংখ্যান সামনে আসতেই চোখ কপালে উঠেছে ক্রিকেটপ্রেমীদের। ২০২৩ সালে শ্রেয়স এই নির্দিষ্ট ফরম্যাটে খেলেছিলেন ১৯টি ইনিংস। সেই সময়ের মধ্যে ৫২.৮৮ গড়ে করেছিলেন ৮৪৬ রান করেছিলেন এই তারকা। সেই সঙ্গে দ্রুতগতিতে অর্থাৎ প্রায় ১১৩ স্ট্রাইক রেটে রান তুলছিলেন তিনি। ওই টুর্নামেন্টে ৩টি শতরানের পাশাপাশি তিনি ও ৪টি হাফ-সেঞ্চুরিও করেছিলেন। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ৭০ বলে ১০৫ এবং লিগ পর্বে আরও দুটি শতরান করে যুবরাজ সিংয়ের স্মৃতি মনে করিয়ে দিয়েছিলেন চার নম্বরে ব্যাটিং করতে নামা এই তারকা।

কিন্তু ওই বিশ্বকাপের পর থেকে ছবিটা বদলাতে শুরু করে। ২০২৩ বিশ্বকাপের পর ভারতীয় দল খুব বেশি ওডিআই ম্যাচ খেলেনি। চোট আঘাতের জন্য বেশ কিছুদিন দলের বাইরেও ছিলেন শ্রেয়স। এই নির্দিষ্ট ফরম্যাটে মাঝের ৩ বছরে ২৩টি ইনিংস খেলেছেন তিনি। এই সময় তার ব্যাট থেকে এসেছে ৭৬৮ রান। পাশাপাশি তার রানের গড় এবং স্ট্রাইক রেটে ধস নেমেছে। এই নির্দিষ্ট সময় তার গড় হয়েছে ৩৪.৯১-এ এবং স্ট্রাইক রেট নেমে দাঁড়িয়েছে ৮৮.৭৯-এ। সবচেয়ে চিন্তার বিষয়, এই ২৩ ইনিংসে একটিও শতরান হাঁকাতে পারেননি বর্তমান ওডিআই দলের সহ অধিনায়ক।
আরও পড়ুন: ভারতীয় দলে চমক! কোহলি ব্যাট হাতে দুরন্ত ব্যাটিং করলেও তার রেকর্ড ভেঙে দিলেন অধিনায়ক শুভমান গিল!
অর্থাৎ যে ব্যাটার ২০২৩ সালে প্রতি ৩ ইনিংসে একটি করে বড় স্কোর করতেন, তিনি এখন ২৩ ইনিংস ধরে তিন অঙ্কে পৌঁছতেই পারেননি। বিশেষজ্ঞদের মতে, এর পিছনে তিনটি কারণ আছে। প্রথমত, চোট বেশ বড় সময় ধরে ভুগিয়েছে এই তারকাকে। দ্বিতীয়ত, শর্ট বলের বিরুদ্ধে নিজের দুর্বলতা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। প্রতিপক্ষ দলগুলো তার এই দুর্বলতাকে বারংবার কাজে লাগিয়েছে। তৃতীয়ত ওডিআই ফরম্যাটে ম্যাচ সংখ্যা কমে টি-টোয়েন্টি আন্তৰ্জাতিকের সংখ্যা বাড়া যা এই ফরম্যাটে তার ধারাবাহিকতার অভাবের অন্যতম বড় কারণ।
আরও পড়ুন: জিতেও শান্তি নেই! রোহিত শর্মার লজ্জাজনক রেকর্ড ভেঙে আরও বড় অস্বস্তিতে ভারতীয় অধিনায়ক শ্রেয়স
তবে ঘরোয়া ক্রিকেট, আইপিএল এমনকি ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও শ্রেয়স নিজের পারফরম্যান্সের একটা নির্দিষ্ট মান ধরে রেখেছেন। কিন্তু ভারতীয় জার্সিতে ওডিআই ফরম্যাটে সেই পুরনো শ্রেয়সকে আর দেখা যাচ্ছে না। সামনেই আবার ২০২৭ বিশ্বকাপের চ্যালেঞ্জ। তার আগে তারকা ক্রিকেটারের এই ছন্দহীনতা চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের।












