বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবার গুরুত্বপূর্ণ মোড়ে। এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগেই শুরু হয়ে গেল এসআইআর-এর শুনানি পর্ব (SIR Hearing)। এই শুনানির উপরেই নির্ভর করবে, কোনও ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি না।
কাদের প্রথম শুনানি (SIR Hearing)?
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র পাওয়া যায়নি, অর্থাৎ যাঁরা ‘নো ম্যাপিং’ ক্যাটেগরিতে পড়ছেন, তাঁদেরই প্রথমে শুনানির (SIR Hearing) জন্য ডাকা হচ্ছে। এই শুনানির দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট ERO ও AERO। শুনানির সময় একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হবে। শুনানি স্থলে ERO, AERO, মাইক্রো অবজার্ভার এবং সংশ্লিষ্ট ভোটার, এই চার পক্ষ একটি রেজিস্টারে সই করবেন। পরে সেই রেজিস্টারের ছবি আপলোড করা হবে। পাশাপাশি, এনুমারেশন ফর্মে থাকা সইয়ের সঙ্গে রেজিস্টারের সই মিলিয়ে দেখা হবে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি-২০২৬ অনুযায়ী যদি কোনও ভোটার এসআইআর-এর শুনানির (SIR Hearing) নোটিশ পেয়ে থাকেন এবং তিনি সাময়িকভাবে রাজ্যের বাইরে থাকেন বা অন্য রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক হন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। এই প্রসঙ্গে কমিশনের স্পষ্ট জানিয়েছে যে, ভোটারের কাছে যদি মোবাইল ফোন থাকে, তাহলে তিনি অনলাইনের মাধ্যমেই এসআইআর শুনানির (SIR Hearing) জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন।
অনলাইনে এসআইআর শুনানির (SIR Hearing) নথি জমা দেওয়ার ধাপ গুলি হল –
- প্রথমে যেতে হবে https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে।
- এরপর Submit Document Against Notice Issued অপশনে ক্লিক করতে হবে।
- মোবাইল নম্বর বা এপিক (ভোটার আইডি) নম্বর দিয়ে OTP যাচাইকরণের মাধ্যমে লগ ইন করতে হবে।
- এরপর এপিক নম্বর বা নোটিশ রেফারেন্স নম্বর লিখে Send OTP বোতামে ক্লিক করতে হবে।
- OTP যাচাই সম্পন্ন হলে প্রয়োজনীয় নথি আপলোড করে জমা দিতে হবে।
এদিকে নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভবিষ্যতে নতুন ভোটার হিসেবে নাম তোলার ক্ষেত্রে CAA সার্টিফিকেট জমা নেওয়া হবে।

আরও পড়ুনঃ বন্ধুর বাড়ি যাওয়াই কাল হল! পুরুলিয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৭
অন্যদিকে, কাজের বিষয়ে অসন্তোষ জানিয়ে এদিন বেশ কয়েকজন মাইক্রো অবজার্ভার রাজ্যের CEO-র দপ্তরে উপস্থিত হন এবং কাজে যোগ না দেওয়ার কথা জানান। পাশাপাশি, এখনও পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কোনও কারণ না জানানোয় ৭৭৮ জন মাইক্রো অবজার্ভারকে শো কজ নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন।
সব মিলিয়ে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এসআইআর শুনানি (SIR Hearing) পর্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। এই শুনানির ফলাফলের উপরেই নির্ভর করছে বহু ভোটারের ভোটার পরিচয় থাকবে কিনা।












