বাংলা হান্ট ডেস্কঃ সোনারপুর থেকে হাওড়া (Sonarpur-Howrah Bus) যাতায়াত এবার আরও আরামের। শুরু হয়ে গেল নতুন সরকারি এসি বাস (Government AC Bus) পরিষেবা। এবার থেকে কম খরচে এসির আরামে সোনারপুর থেকে হাওড়া যেতে পারবে সাধারণ মানুষ। মহিলারা একেবারে বিনামূল্যে সফর করতে পারবেন। কারণ ইতিমধ্যেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে রাজ্য সরকার। নতুন এই সরকারি বাসের রুট থেকে টাইমটেবিল জেনে নিন।
সোনারপুর-হাওড়া এসি বাসের রুট ও টাইমটেবিল | (Sonarpur-Howrah Bus)
সোনারপুরের গঙ্গাজোয়ারা থেকে হাওড়া স্টেশন অবধি এই সরকারি এসি বাস চলবে। প্রথমদিনই বাসে চড়েন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। নতুন এই বাস চালুর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ ‘আইনের চোখে সকলে সমান, সব স্টল তুলে দিন’! সিপিএমের বুকস্টলে ‘না’ বলে দিল হাইকোর্ট
সোনারপুরের গঙ্গাজোয়ারা মোড় থেকে সকাল ৭টা, ৮টা ও ৯টায় এই বাস ছাড়বে। অন্যদিকে হাওড়া ময়দান থেকে বিকেল ৫:৩০টা, সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা ৬:৩০টায় বাস ছাড়বে। নতুন শুরু হওয়া বাসটি এসি-৬০ বাস।
সোনারপুর থেকে এই বাস ছেড়ে গঙ্গাজোয়ারা মোড়, জলপথ, বানতলা বাজার, সায়েন্স সিটি, বেলেঘাটা বিল্ডিং মোড়, রাসমণি বাজার, শিয়ালদহ, মৌলালি, এসপ্ল্যানেড, হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান পৌঁছবে। মোট ৩৩ কিলোমিটার দীর্ঘ এই রুট।

রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও বেশি আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে এই সরকারি এসি বাস চালু হচ্ছে। নতুন এই বাস রুটের ফলে স্বাস্থ্য পরিষেবা, বাণিজ্যিক কেন্দ্র, আবাসিক এলাকা ও পরিবহণ কেন্দ্রগুলির মধ্যে আরও উন্নত যোগাযোগ নিশ্চিত হবে। বিশেষত পড়ুয়া ও অফিসযাত্রীদের অনেকটা সুবিধা হবে।
পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের অধীনস্থ এই সরকারি বাস কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলের যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালানো হবে। পুজোর আবহে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস পরিষেবা চালু হওয়ায় বাস যাত্রী সহ স্থানীয় বাসিন্দারা অত্যন্ত খুশি। রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।














