বাংলা হান্ট ডেস্কঃ শীতের দাপট খুব বেশিদিন টিকল না। মাত্র এক সপ্তাহের মতো জাঁকিয়ে ঠান্ডা পড়ার পরেই কলকাতা ও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া। তাপমাত্রা বাড়ছে, উত্তুরে হাওয়া কার্যত থেমে গিয়েছে। আগামী কয়েক দিনে শীত ফেরার কোনও জোরালো ইঙ্গিত নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কুয়াশার দাপট থাকলেও, জাঁকিয়ে শীত আপাতত বিদায় নিচ্ছে বলেই স্পষ্ট।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই। তবে আগামী তিন দিন ভোর ও রাতের দিকে একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে কল্যাণী ও উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার আবহাওয়া (Kolkata Weather)
কলকাতাতেও (Kolkata Weather) শীতের প্রভাব ধীরে ধীরে কমছে। গতকাল আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সাত দিন শহরের আবহাওয়ায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। সরস্বতী পুজোর দিনগুলিতেও আজকের মতোই আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েক দিন ১৪ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
উত্তরবঙ্গে (North Bengal Weather) শীত এখনও তুলনামূলকভাবে বেশি থাকলেও ধীরে ধীরে সেখানেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলছে। দার্জিলিঙে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৩ ডিগ্রিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনই কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ঠান্ডা থাকলেও সমতলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে।
কেন বাড়ছে তাপমাত্রা?
হাওয়া অফিসের ব্যাখ্যা অনুযায়ী, পশ্চিমবঙ্গের আশপাশে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারতের উপরেও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা। পাশাপাশি কোমোরিন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অসম, উত্তরপ্রদেশ ও রাজস্থানের উপরেও একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় উত্তুরে হাওয়ার প্রবাহ কার্যত বন্ধ হয়ে গেছে। এই কারণেই তাপমাত্রা বাড়ছে।
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সরস্বতী পুজোর সময়েও আবহাওয়ার বড় কোনও বদল হবে না। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গে দার্জিলিঙে ৩ ডিগ্রি এবং সমতলে ৯ থেকে ১০ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ২১ জানুয়ারি, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি
কবে বিদায় নেবে শীত?
ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার এই ধারা সরস্বতী পুজোর সময় আরও স্পষ্ট হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি বাড়বে। আবহাওয়াবিদদের অনুমান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এবারের মতো বাংলা থেকে বিদায় নিতে পারে শীত।












